ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে যেসব সতর্কতা জরুরি
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজধানীসহ বিভিন্ন শহর থেকে মানুষ ইতিমধ্যে গ্রামের বাড়ির পথে রওনা দিতে শুরু করেছে। তবে তাড়াহুড়ো করে বাসা ছাড়ার আগে কিছু মৌলিক সতর্কতা না মানলে বড় ধরনের ক্ষতি বা দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে।
দরজা-জানালা ভালোভাবে বন্ধ আছে কি না নিশ্চিত করুন
বাড়ি ছাড়ার সময় শুধু মূল দরজায় তালা দিলেই যথেষ্ট নয়। প্রতিটি জানালা, বারান্দার গ্রিল এবং থাই গ্লাস ঠিকভাবে বন্ধ আছে কি না যাচাই করা জরুরি। এতে চুরি বা বৃষ্টির পানি ঢোকার ঝুঁকি কমে।
বিদ্যুৎ ও গ্যাস সংযোগ নিরাপদ করুন
সব অপ্রয়োজনীয় বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে দিন। বিশেষ করে টিভি, চার্জার, এসি ও অন্যান্য প্লাগ সকেট থেকে খুলে রাখা নিরাপদ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রান্নাঘরের গ্যাসের চুলা এবং সিলিন্ডারের রেগুলেটর সম্পূর্ণ বন্ধ করা, কারণ সামান্য অসাবধানতাও বড় দুর্ঘটনার কারণ হতে পারে
পানির লাইন বন্ধ রাখা
সম্ভব হলে বাসার প্রধান পানির লাইন বন্ধ করে দিন। এতে পানির অপচয়, পাইপ লিক বা ঘর প্লাবিত হওয়ার ঝুঁকি এড়ানো যায়।
ফ্রিজে অতিরিক্ত খাবার না রেখে পরিষ্কার করা
ঈদের সময় ফ্রিজে ফ্রিজ-এ মাংস সংরক্ষণের জন্য জায়গা দরকার হয়। তাই পচনশীল খাবার আগে থেকেই সরিয়ে ফেলুন এবং দীর্ঘ ছুটিতে ফ্রিজ পরিষ্কার রাখা ভালো।
মূল্যবান জিনিস নিরাপদে রাখুন
নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র আলমারিতে তালাবদ্ধ রাখুন বা নিরাপদ স্থানে রাখুন। পাশাপাশি ভবনের দারোয়ান বা বিশ্বস্ত প্রতিবেশীকে জানিয়ে গেলে নিরাপত্তা আরও নিশ্চিত হয়।
মূল কথা
ছুটির আনন্দ নির্ভর করে নিরাপত্তার ওপর। তাই ঘর ছাড়ার আগে এই ছোট ছোট প্রস্তুতিগুলো সম্পন্ন করলে ফিরে এসে বাসাকে ঝুঁকিমুক্ত ও ঠিকঠাক অবস্থায় পাওয়া সম্ভব।
