এমডির দুই আত্মীয়কে নিয়ম না মেনেই ডিএসইতে নিয়োগের অভিযোগ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুজহাত আনোয়ারের দুই আত্মীয়কে নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই তাদের নিয়োগ দেওয়া হয়েছে, যা ২০১০ সালের পর ডিএসইতে নজিরবিহীন।
গত ২৮ ডিসেম্বর ডিএসইর ইতিহাসে প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নেন নুজহাত আনোয়ার। দায়িত্ব গ্রহণের কয়েক মাসের মধ্যেই তিনি নিজের দুই আত্মীয়কে প্রতিষ্ঠানে নিয়োগ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে পরিচালনা পর্ষদ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে
সূত্র জানায়, গত ২৪ মে মোহাম্মদ রকিবুল হাসান পারভেজ ও পৃথুলা হৃদি এক্সিকিউটিভ পদে ডিএসইতে যোগ দেন। তারা এমডির আত্মীয় হলেও তাদের নিয়োগের জন্য কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। এমনকি ডিএসইর নমিনেশন অ্যান্ড রিমিউনারেশন কমিটি (এনআরসি) এ বিষয়ে অবগত ছিল না বলেও অভিযোগ রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, নিজের পছন্দের ব্যক্তিদের নিয়োগ দিতে ডিএসইর বিভিন্ন পদে জনবল ছাঁটাইয়ের উদ্যোগ নিয়েছেন এমডি। এর অংশ হিসেবে ২৮ জন কর্মকর্তা-কর্মচারীকে বাদ দেওয়ার একটি তালিকাও প্রস্তুত করা হয়েছে। এ প্রক্রিয়ায় পরিচালনা পর্ষদের একজন পরিচালকের সক্রিয় ভূমিকা রয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। সংশ্লিষ্টদের দাবি, শূন্য হওয়া পদগুলোতে নিজেদের পছন্দের ব্যক্তিদের নিয়োগ দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডিএসইর ডিজিএম ও মুখপাত্র মোহাম্মদ শফিকুর রহমানের মাধ্যমে এমডি নুজহাত আনোয়ার জানান, মোহাম্মদ রকিবুল হাসান পারভেজ ও পৃথুলা হৃদিকে ছয় মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তবে কী প্রক্রিয়ায় তাদের নিয়োগ দেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
এদিকে সংশ্লিষ্ট অফিস সার্কুলারে তাদের ছয় মাসের চুক্তিভিত্তিক নিয়োগের বিষয়ে কোনো তথ্য উল্লেখ নেই বলে জানা গেছে।
