বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬
আজকের সংবাদ

বিএসইসির সিদ্ধান্তকে স্বাগত জানাল ডিএসই

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত বুধবার ( ১ জুলাই) সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯-এর ধারা ২০ক-এর অধীনে প্রদত্ত ক্ষমতাবলে একটি যুগান্তকারী আদেশ (আদেশ নং: বিএসইসি/সার্ভেইল্যান্স/২০২০-৯৭৫/৫৭৯) জারি করেছে।
বৃহস্পতিবার (২ জুলাই) ডিএসই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
এই আদেশের মাধ্যমে বিনিয়োগকারীদের যথাযথ সুরক্ষা, বাজারে সুষ্ঠু, কার্যকর ও স্বচ্ছ লেনদেন নিশ্চিতকরণ, সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা এবং দেশের পুঁজিবাজারের সার্বিক উন্নয়ন সহজতর করার লক্ষ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)-কে নিজস্ব প্রবিধান ও নীতিমালা অনুযায়ী বাজার নিয়ন্ত্রণ প্যারামিটারসমূহ স্বাধীনভাবে নির্ধারণ ও বাস্তবায়নের নির্দেশনা প্রদান করা হয়েছে।
নতুন আদেশ অনুযায়ী, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) প্রাসঙ্গিক প্রবিধান, নীতিমালা এবং পরিচালনগত প্রয়োজনীয়তার আলোকে বাজার পরিচালনার বিভিন্ন নিয়ন্ত্রণ প্যারামিটার নির্ধারণ ও বাস্তবায়নের ক্ষমতা পাবে।
তবে এসব প্যারামিটারে কোনো পরিবর্তন আনা হলে সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জকে তা অবিলম্বে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-কে অবহিত করতে হবে এবং বাজারের সকল অংশগ্রহণকারীর কাছে পরিবর্তনের বিষয়ে যথাযথভাবে প্রচার ও অবহিতকরণ নিশ্চিত করতে হবে।
তবে উল্লেখ্য যে, পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত বর্তমানে প্রচলিত বাজার নিয়ন্ত্রণ প্যারামিটারসমূহ বলবৎ থাকবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি বিএসইসি’র এই নির্দেশনাকে স্বাগত জানিয়েছে। বাজার নিয়ন্ত্রণ প্যারামিটার নির্ধারণে স্টক এক্সচেঞ্জকে ক্ষমতা প্রদানের এই সিদ্ধান্ত পুঁজিবাজারের দক্ষতা ও আন্তর্জাতিক মান অর্জনে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *