বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
আজকের সংবাদ

শিক্ষার্থীদের পুঁজিবাজার সচেতনতা বাড়াতে লংকাবাংলা-এক্সিলেন্স বাংলাদেশের চুক্তি

দেশের তরুণ প্রজন্মের মধ্যে পুঁজিবাজার, বিনিয়োগ ও আর্থিক বিষয়ে সচেতনতা বাড়াতে লংকাবাংলা সিকিউরিটিজ পিএলসি ও এক্সিলেন্স বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

গত ৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার রাজধানীর বনানীতে লংকাবাংলা সিকিউরিটিজের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে এই সমঝোতায় স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমঝোতার আওতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজার ও বিনিয়োগ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি শিক্ষামূলক আলোচনা, সেমিনার, শিক্ষার্থী প্রতিযোগিতা, ক্যাম্পাস প্রতিনিধি কার্যক্রম এবং ডিজিটাল প্রচারণার মতো বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।

এই অংশীদারিত্বের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে দেশের ১০ লাখ শিক্ষার্থীর কাছে পুঁজিবাজার ও বিনিয়োগ সম্পর্কে প্রাথমিক ও প্রয়োজনীয় জ্ঞান পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তরুণদের মধ্যে সঠিক আর্থিক জ্ঞান তৈরি এবং দায়িত্বশীল বিনিয়োগের সংস্কৃতি গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

অনুষ্ঠানে লংকাবাংলা সিকিউরিটিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী এবং এক্সিলেন্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা বেনজির আবরারসহ দুই প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, এই সমঝোতার মাধ্যমে দেশের বিশ্ববিদ্যালয়, তরুণ প্রজন্ম ও পুঁজিবাজারের মধ্যে একটি কার্যকর এবং টেকসই সংযোগ গড়ে তোলার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে শিক্ষার্থীরা ভবিষ্যতে আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আরও সচেতন ও দক্ষ হয়ে উঠবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *