ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের জন্য ডিবিবিএলের কৌশলগত সম্মেলন অনুষ্ঠিত
ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের (ডিবিবিএল) একটি কৌশলগত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায়িক কৌশল প্রণয়ন এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ ঢাকার একটি স্থানীয় হোটেলে হাইব্রিড পদ্ধতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) মো. এহতেশামুল হক খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গ্রাহকদের জন্য ‘সেরা আর্থিক সমাধান অংশীদার’ এবং ‘বিশ্বস্ত অংশীদার’ হিসেবে প্রতিষ্ঠিত হতে ডাচ্-বাংলা ব্যাংক বিভিন্ন কৌশল গ্রহণ করেছে। গ্রাহকসেবার উৎকর্ষ নিশ্চিত করতে ‘গ্রাহককে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার মানসিকতা’সহ বিভিন্ন কৌশলগত অগ্রাধিকার তুলে ধরেন তিনি।
ব্যাংকের কৌশলগত লক্ষ্য অর্জন এবং আর্থিক খাতে ব্যাংকটির অবস্থান আরও শক্তিশালী করতে সম্মেলনে অংশগ্রহণকারী সবাইকে আরও কার্যকরভাবে অবদান রাখার আহ্বান জানান তিনি।
ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের শাখা ব্যবস্থাপকরা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্ধারিত কৌশল বাস্তবায়নের মাধ্যমে নিজ নিজ ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন এবং উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করার অঙ্গীকার করেন।
এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা দলের সদস্যরা গ্রাহকসেবার মানোন্নয়ন ও ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে তাদের পর্যবেক্ষণ তুলে ধরেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সম্মেলনে সংশ্লিষ্ট অঞ্চলের বিভিন্ন শাখা ও উপশাখার কর্মকর্তারা ছাড়াও রকেট ও এজেন্ট ব্যাংকিংয়ের আঞ্চলিক প্রধান এবং এডিসি সুপারভাইজাররা অনলাইনে অংশগ্রহণ করেন।
