বুধবার, নভেম্বর ১১, ২০২৬
অর্থনীতি

আগামী প্রান্তিকগুলোতে রাজস্ব আয় বাড়বে: অর্থমন্ত্রী

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের করের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করা হবে।

জনগণের কষ্টের টাকার প্রতিটি পাই-পয়সার যেন সঠিক মূল্যায়ন হয়, সেদিকে আমাদের কঠোর নজর রয়েছে
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দেশের অর্থনৈতিক উন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করছে।

সামনের দিনগুলোতে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে।

জিডিপি ও রাজস্ব আয়ে কাঙ্খিত প্রবৃদ্ধি অর্জিত হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

​চলতি অর্থবছরের প্রবৃদ্ধি ও রাজস্ব আহরণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রথম কোয়ার্টারের তুলনায় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে অর্থনীতির বিভিন্ন সূচকে আরো গতি আসবে। আমাদের কাস্টমস ও সামগ্রিক প্রবৃদ্ধির ধারা ভালো রয়েছে এবং প্রথম প্রান্তিকের তুলনায় আগামী প্রান্তিকগুলোতে রাজস্ব আয় আরো বাড়বে। হিসাব-নিকাশ করে এবং সুনির্দিষ্ট পরিকল্পনা মাথায় রেখেই প্রতিটি পদক্ষেপ নেয়া হয়েছে ।

​আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের করের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করা হবে। জনগণের কষ্টের টাকার প্রতিটি পাই-পয়সার যেন সঠিক মূল্যায়ন হয়, সেদিকে আমাদের কঠোর নজর রয়েছে। আমরা এমনভাবে প্রকল্পগুলো প্রণয়ন করছি যেন প্রতিটি বিনিয়োগের যথাযথ রিটার্ন আসে এবং এর মাধ্যমে দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়।

​আইএমএফ (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) ও অন্যান্য উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনা প্রসঙ্গে মন্ত্রী জানান, আইএমএফের ঋণ বা সহায়তা একটি সুসংহত অর্থনৈতিক প্রোগ্রামের অংশ। বিশ্বব্যাংক, এডিবি এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের পাশাপাশি বিভিন্ন বন্ড ও উৎসের মাধ্যমে দেশের অর্থনীতির চাকা গতিশীল রাখা হচ্ছে।

আইএমএফের সঙ্গে চলমান কার্যক্রম ও কাঠামোগত বিষয়গুলো নিয়ে একটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে এবং আগামী জানুয়ারির মধ্যে এসব বিষয়ে সুনির্দিষ্ট অগ্রগতি ও রূপরেখা চূড়ান্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

​মন্ত্রী আরো বলেন, সরকারের সময়োপযোগী ও বিচক্ষণ পদক্ষেপে দেশের রাজস্ব আয় ও আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য বজায় থাকবে এবং দিনশেষে দেশের জনগণ এর সুফল পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *