× Pujibazarpress - Follow Us
বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
ব্যাংক

প্রাইম ব্যাংকের ৬৪% বোনাস শেয়ারে বিএসইসির আপত্তি

 

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক :  পরিশোধিত মূলধন বাড়াতে সংরক্ষিত মুনাফা থেকে ৬৪ শতাংশের বেশি বোনাস লভ্যাংশ দিতে চেয়েছিল প্রাইম ব্যাংক। এ জন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কাছে বিশেষ ছাড়ও চেয়েছিল ব্যাংকটি।

তবে বিদ্যমান আইনে অন্তর্বর্তী বোনাস শেয়ার ঘোষণার সুযোগ না থাকায় সেই আবেদন নাকচ করেছে কমিশন। একই সঙ্গে একটি প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিলে অন্য কোম্পানিগুলোর জন্যও তা নজির হয়ে উঠতে পারে বলে মনে করছে বিএসইসি।

এ অবস্থায় হিসাববছর শেষে নিরীক্ষিত আর্থিক বিবরণীর ভিত্তিতে বোনাস লভ্যাংশ ঘোষণার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

প্রাইম ব্যাংকের বর্তমান পরিশোধিত মূলধন ১ হাজার ২১৮ কোটি ৬২ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের লভ্যাংশসংক্রান্ত নীতিমালায় নির্ধারিত ২ হাজার কোটি টাকার মূলধনসীমা পূরণ করতে ব্যাংকটির আরও ৭৮১ কোটি ৩৮ লাখ টাকা প্রয়োজন। এই ঘাটতি পূরণে সংরক্ষিত মুনাফা থেকে প্রায় ৬৪ দশমিক ১২ শতাংশ অন্তর্বর্তী বোনাস লভ্যাংশ দিতে চেয়েছিল ব্যাংকটি।

এ জন্য গত ৭ অক্টোবর বিএসইসির কাছে ২০১৮ সালের ২০ জুন জারি করা প্রজ্ঞাপনের ৩(২) ধারা থেকে বিশেষ অব্যাহতি চেয়ে আবেদন করে প্রাইম ব্যাংক। আবেদন পর্যালোচনা শেষে গত ১৫ নভেম্বর ব্যাংকটির প্রধান নির্বাহী কর্মকর্তাকে পাঠানো চিঠিতে কমিশন জানায়, বিদ্যমান আইনি কাঠামোয় এ ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্তি বিধিমালা, ২০১৫-এর ১৬(১) বিধিতে অন্তর্বর্তী লভ্যাংশ হিসেবে বোনাস শেয়ার ঘোষণা নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে কোম্পানি আইন, ১৯৯৪-এর প্রথম তফসিলের ৯৭ নম্বর বিধিতে মুনাফার ভিত্তিতে অন্তর্বর্তী লভ্যাংশ দেওয়ার সুযোগ থাকলেও অন্তর্বর্তী বোনাস শেয়ার ঘোষণার বিষয়ে স্পষ্ট অনুমতি নেই।

বিএসইসির ২০২২ সালের প্রজ্ঞাপনে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে মূলধন বাড়ানোর জন্য বোনাস শেয়ার ইস্যুর সুযোগ রয়েছে। তবে ওই প্রজ্ঞাপনে অন্তর্বর্তী বোনাস শেয়ারের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়নি। ফলে ২০১৮ সালের প্রজ্ঞাপন থেকে অব্যাহতি দিলেও অন্যান্য আইনি বাধা থেকে যেত।

বিএসইসি সূত্র জানায়, প্রাইম ব্যাংককে বিশেষ ছাড় দেওয়া হলে অন্য তালিকাভুক্ত কোম্পানিগুলোও একই ধরনের সুবিধা চাইতে পারে। এতে অন্তর্বর্তী বোনাস শেয়ার ঘোষণার নতুন নজির তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া বছরের মাঝামাঝি সময়ে অনিরীক্ষিত হিসাবে কোনো কোম্পানির মুনাফা থাকলেও বছর শেষে তা কমে যেতে পারে। তখন পর্যাপ্ত বিতরণযোগ্য মুনাফা না থাকলে আগে ঘোষিত বোনাস শেয়ার বাস্তবায়ন কঠিন হয়ে পড়তে পারে। এতে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

তবে প্রাইম ব্যাংকের বোনাস শেয়ার ইস্যুর পথ পুরোপুরি বন্ধ হয়নি। বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোহাম্মদ আবুল কালাম বলেন, ‘আমরা প্রাইম ব্যাংককে পরামর্শ দিয়েছি হিসাববছর শেষে চূড়ান্ত লভ্যাংশ ঘোষণার সময় প্রয়োজনীয় বোনাস লভ্যাংশ ঘোষণা দিতে। সে ক্ষেত্রে বিএসইসির অনুমোদনও প্রয়োজন হবে না।’

চলতি হিসাববছরের প্রথম নয় মাসে প্রাইম ব্যাংকের নিট মুনাফা হয়েছে ৬৮৫ কোটি টাকা। এ সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৬২ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪১ টাকা ৯ পয়সা।

নয় মাস শেষে ব্যাংকটির সংরক্ষিত মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ২৩১ কোটি টাকা। মূলধন ঘাটতি পূরণে প্রয়োজনীয় ৭৮১ কোটি ৩৮ লাখ টাকা এই মুনাফার প্রায় ৩৫ শতাংশ। তবে সংরক্ষিত মুনাফার কতটুকু বোনাস শেয়ার হিসেবে বিতরণযোগ্য, তা নির্ভর করবে নিরীক্ষিত আর্থিক বিবরণী ও নিয়ন্ত্রক সংস্থার শর্ত পূরণের ওপর।

এদিকে বাংলাদেশ ব্যাংকের সাধারণ লভ্যাংশ নীতিমালায় নির্ধারিত শর্ত অনুযায়ী নগদ ও বোনাস মিলিয়ে সর্বোচ্চ ৩০ শতাংশ লভ্যাংশ দেওয়ার সীমা রয়েছে। ফলে ৬৪ শতাংশের বেশি বোনাস লভ্যাংশ দিতে হলে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ অনুমোদন প্রয়োজন হবে। সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, মূলধন বাড়ানোর উদ্দেশ্য বিবেচনায় বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে বিশেষ অনুমোদন দিতে পারে।

বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো, বোনাস শেয়ার ইস্যু করে পরিশোধিত মূলধন বাড়ানো হলেও ব্যাংকে নতুন নগদ অর্থ আসবে না। সংরক্ষিত মুনাফার একটি অংশ পরিশোধিত মূলধনে স্থানান্তরিত হবে। তাই প্রাইম ব্যাংকের পরিকল্পনা বাস্তবায়নে এখন নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী ও বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *