এক্সেলসিয়র সুজের তালিকাচ্যুতি নিয়ে নতুন তদন্তের নির্দেশ
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এক্সেলসিয়র সুজ লিমিটেডকে তালিকাচ্যুত করার সুপারিশ করেছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তবে সেই সুপারিশের পক্ষে যথেষ্ট তথ্য-প্রমাণ না পাওয়ায় সন্তুষ্ট হতে পারেনি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
কোম্পানিটির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নতুন করে যাচাই করে বিস্তারিত প্রতিবেদন দিতে ডিএসইকে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।
এক্সেলসিয়র সুজের বিরুদ্ধে গত ৩ সেপ্টেম্বর বিএসইসিতে অভিযোগ করেন কোম্পানিটির শেয়ারহোল্ডার প্রদীপ কুমার ঘোষ। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ডিএসই। তদন্ত শেষে গত ১৭ অক্টোবর কোম্পানিটিকে তালিকাচ্যুত করার সুপারিশ করে বিএসইসিতে প্রতিবেদন পাঠায় সংস্থাটি।
কিন্তু ডিএসইর তদন্তে মূলত কোম্পানিটির দীর্ঘদিন লভ্যাংশ না দেওয়া এবং পরিচালকদের সম্মিলিত শেয়ারধারণের বিষয়টি গুরুত্ব পেয়েছে। এসব বিষয়কে তালিকাচ্যুতির কারণ হিসেবে দেখানো হলেও তার পক্ষে প্রয়োজনীয় নথি ও আইনি ব্যাখ্যা প্রতিবেদনে পাওয়া যায়নি বলে মনে করছে বিএসইসি।
কমিশনের প্রশ্ন, কোনো কোম্পানি লভ্যাংশ না দিলেই কি ডিএসইর তালিকাভুক্তি বিধিমালা অনুযায়ী তাকে তালিকাচ্যুত করা যায়? আবার পরিচালকদের সম্মিলিত শেয়ারধারণ ১০ শতাংশের নিচে থাকাকে বিধি লঙ্ঘন হিসেবে বিবেচনার আইনগত ভিত্তি কী, সেটিও স্পষ্ট করতে বলেছে নিয়ন্ত্রক সংস্থাটি। তালিকাচ্যুতির সুপারিশ করার আগে কোম্পানিটিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল কি না, সে বিষয়েও ব্যাখ্যা চেয়েছে বিএসইসি।
নতুন তদন্তে অভিযোগগুলোর প্রতিটির সত্যতা আলাদাভাবে যাচাই করতে হবে ডিএসইকে। পরিচালকদের শেয়ারধারণের প্রকৃত তথ্য সরকারি নথির সঙ্গে মিলিয়ে দেখার পাশাপাশি নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, লভ্যাংশের রেকর্ড, শেয়ারধারণের বিবরণী ও সংশ্লিষ্ট চিঠিপত্র জমা দিতে হবে। যেসব অভিযোগের পক্ষে প্রমাণ পাওয়া যাবে না, সেগুলোর কারণও ব্যাখ্যা করতে হবে। পাশাপাশি কোম্পানিটির কার্যক্রমে বিনিয়োগকারীরা কোনো ঝুঁকিতে পড়ছেন কি না, তা মূল্যায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযোগের কেন্দ্রে লভ্যাংশ ও অর্থ আত্মসাৎ
প্রদীপ কুমার ঘোষের অভিযোগ, ১৯৯৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর থেকে এক্সেলসিয়র সুজ কোনো লভ্যাংশ দেয়নি। তাঁর দাবি, কোম্পানিটির পরিচালকদের সম্মিলিত শেয়ারধারণ প্রায় ৯ শতাংশ। অথচ নিয়ম অনুযায়ী তাঁদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণের বাধ্যবাধকতা রয়েছে।
এ ছাড়া কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) ও ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে প্রায় ১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ করেছেন তিনি। প্রকৃত লোকসান আড়াল করতে আর্থিক প্রতিবেদনে কারসাজি, লভ্যাংশ আটকে রাখা এবং অনিয়মের তথ্য প্রকাশ করায় তাঁকে হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগ এখনো তদন্তের মাধ্যমে প্রমাণিত হয়নি।
১৭ বছর ধরে ওটিসি মার্কেটে
ডিএসইর কোম্পানি প্রোফাইল অনুযায়ী, বিভিন্ন পরিপালনসংক্রান্ত ঘাটতির কারণে ২০০৯ সালের ১ অক্টোবর বিএসইসির নির্দেশে এক্সেলসিয়র সুজকে মূল মার্কেট থেকে ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে সরিয়ে নেওয়া হয়। অনিয়মিত বার্ষিক সাধারণ সভা (এজিএম), লভ্যাংশ না দেওয়া এবং শেয়ার ডিমেটেরিয়ালাইজ না করার মতো বিষয়গুলো তখন এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল।
১৯৮৮ সালের ৩০ জুন নিবন্ধিত কোম্পানিটি ১৯৯০ সালের ৩০ এপ্রিল বাণিজ্যিক উৎপাদন শুরু করে। এর অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকা।
আর্থিক তথ্যে দেখা যায়, ২০২২ সালে কোম্পানিটির আয় ছিল ৪৩ কোটি ৪ লাখ টাকা। পরের বছর তা বেড়ে ৭৭ কোটি ৪৯ লাখ টাকা এবং ২০২৪ সালে ৯১ কোটি ৬৯ লাখ টাকায় পৌঁছায়। ২০২৪ সালে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৬০ পয়সা। তবে একই সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ছিল ঋণাত্মক ৩ টাকা ৬৫ পয়সা।
ডিএসইর কাছ থেকে নতুন তদন্ত প্রতিবেদন ও প্রয়োজনীয় নথি পাওয়ার পর এক্সেলসিয়র সুজের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে বিএসইসি।
