মঙ্গলবার, জুন ২, ২০২৬
এক্সক্লুসিভ

জাতীয় বিমা দিবসে উদ্বোধন হচ্ছে ব্যাংকাস্যুরেন্স সেবা

জাতীয় বিমা দিবসে তথা আগামী ১ মার্চ উদ্বোধন হতে যাচ্ছে ব্যাংকাস্যুরেন্স সেবা। তাতে আগামী সপ্তাহ থেকেই দেশের ব্যাংকে বিমাপণ্য বেচাকেনার সেবা প্রাথমিকভাবে কয়েকটি বেসরকারি ব্যাংকের কিছু শাখায় মিলবে। পর্যায়ক্রমে এই সেবা আরও বিস্তৃত হবে।

এর আগে আগামী ১ মার্চ জাতীয় বিমা দিবসে ব্যাংকাস্যুরেন্স সেবার উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এবার জাতীয় বিমা দিবসের প্রতিপাদ্য ‘করব বিমা গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’।

ব্যাংকাস্যুরেন্স সেবা চালুর জন্য ইতিমধ্যে একটি নীতিমালা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে, ব্যাংকগুলো করপোরেট এজেন্ট হিসেবে বিভিন্ন বিমাপণ্য ও সেবা বিক্রি করতে পারবে।

এ জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে অনুমোদন নিতে হবে। একটি ব্যাংক একই সঙ্গে সর্বোচ্চ তিনটি জীবনবিমা ও তিনটি সাধারণ বিমার পণ্যসেবা বিক্রি করতে পারবে। যেসব ব্যাংকের প্রকৃত খেলাপি ঋণ ৫ শতাংশের কম, তারাই শুধু এই সেবায় যুক্ত হতে পারবে। ব্যাংকগুলোকে বিমাপণ্য বিক্রির পর গ্রাহকের বিমা দাবি পাওয়ার ক্ষেত্রেও সহযোগিতা করতে হবে।

জানা গেছে, কয়েকটি দেশি-বিদেশি ব্যাংক নীতিমালা মেনে ব্যাংকাস্যুরেন্স সেবা দিতে ইতিমধ্যে কেন্দ্রীয় ব্যাংক থেকে অনুমোদন নিয়েছে। গত মাসে প্রথম ব্যাংক হিসেবে সেবাটি চালুর অনুমতি পায় বেসরকারি সিটি ব্যাংক। এরপর ধীরে ধীরে অন্য ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে অনুমতি নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *