ইউনাইটেড পাওয়ারের ডিভিডেন্ড পেতে তথ্য হালনাগাদের আহ্বান
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিতরণ নির্বিঘ্ন করতে শেয়ারহোল্ডারদের প্রয়োজনীয় তথ্য হালনাগাদের আহ্বান জানিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ইউপিজিডিসিএল)।
একই সঙ্গে ব্রোকারেজ হাউস, ডিপি ও টিআরইসি হোল্ডারদেরও প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে বলেছে কোম্পানিটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির নির্দেশনা অনুযায়ী, রেকর্ড ডেটের আগেই শেয়ারহোল্ডারদের নাম, বিইএফটিএনের মাধ্যমে লভ্যাংশ গ্রহণের জন্য ব্যাংক হিসাবের বিবরণ, বিও আইডি নম্বর, ১২ সংখ্যার ই-টিআইএন নম্বর এবং যোগাযোগের ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করতে হবে।
এদিকে, ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড পাওয়ার যোগ্য মার্জিন ঋণগ্রহীতাদের বিস্তারিত তথ্য রেকর্ড ডেটের পর সংগ্রহ করে কোম্পানির কাছে পাঠাতে হবে। এ ক্ষেত্রে শেয়ারহোল্ডারের নাম, বিও আইডি নম্বর, ব্যাংক হিসাবের বিবরণ, গ্রাহকভিত্তিক শেয়ার ধারণের পরিমাণ, প্রাপ্য মোট লভ্যাংশ, প্রযোজ্য করের হার এবং কর কর্তনের পর নিট লভ্যাংশের পরিমাণ উল্লেখ করতে হবে।
কোম্পানিটি জানিয়েছে, মার্জিন ঋণগ্রহীতাদের এসব তথ্যের সফট কপি আগামী ২১ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে elias@united.com.bd এবং sazzad.kabir@united.com.bd ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।
একই সময়সীমার মধ্যে তথ্যের হার্ড কপিও কোম্পানির নির্ধারিত ঠিকানায় পাঠাতে হবে। ঠিকানাটি হলো ইউনাইটেড হাউস, মাদানী অ্যাভিনিউ, ইউনাইটেড সিটি, ঢাকা-১২১২।
ক্যাশ ডিভিডেন্ড বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট শেয়ারহোল্ডার, ব্রোকারেজ হাউস, ডিপি ও টিআরইসি হোল্ডারদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য হালনাগাদ ও সরবরাহ করার অনুরোধ জানিয়েছে কোম্পানিটি।
