মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
অনুসন্ধানী রিপোর্ট

এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তা মুনসিফ আলীর শেয়ার জব্দ

এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তা শেয়ারহোল্ডার সৈয়দ মুনসিফ আলীর সব শেয়ার জব্দের আদেশ দিয়েছেন আদালত। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ১৯১ কোটি টাকার খেলাপি ঋণ মামলায় বুধবার (২২ অক্টোবর) ঢাকার অর্থঋণ আদালত-৫-এর বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।
তথ্য অনুযায়ী, এনআরবিসি ব্যাংকে তার এক কোটি ৪৩ লাখ ৫৪ হাজার ৬৪৫টি শেয়ার জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্যে দেখা গেছে, মুনসিফ আলী ইতোমধ্যে বেশির ভাগ শেয়ার বিক্রি করেছেন; বর্তমানে তার হাতে রয়েছে মাত্র ছয় লাখ ১৮ হাজার শেয়ার।
সূত্র জানায়, ইউসিবির এলিফ্যান্ট রোড শাখা থেকে মাল্টিপ্ল্যান লিমিটেডের নামে ঋণ নেন মুনসিফ আলী, যার গ্যারান্টর ছিলেন তার স্ত্রী শামীমাতুন নাসিম। ঋণ পরিশোধ না করায় সুদ-আসলে পরিমাণ দাঁড়ায় ১৯১ কোটি টাকা।
এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান আলী হোসেন প্রধানিয়া বলেন, আদালতের আদেশের আগেই মুনসিফ আলী বেশির ভাগ শেয়ার বিক্রি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *