রবিবার, মে ৩১, ২০২৬
আজকের সংবাদ

এলআর গ্লোবালের ছয় মিউচুয়াল ফান্ডের লেনদেন সাময়িক স্থগিত

বিনিয়োগকারীদের অর্থ আত্মসাতের ঘটনায় বড় ধরনের শাস্তির মুখে পড়েছে এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট। ফান্ড ম্যানেজার হিসেবে প্রতিষ্ঠানটির দায়িত্ব থেকে এলআর গ্লোবালকে অপসারণের পর তাদের অধীন ছয়টি মিউচুয়াল ফান্ডের লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
স্থগিত ফান্ডগুলো হলো— ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান এবং এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১। এই ফান্ডগুলোর ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি)।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) জারি করা নোটিশে বলা হয়েছে, বিজিআইসি ফান্ডগুলোর ব্যাংক ও ব্রোকারেজ অ্যাকাউন্ট থেকে সব ধরনের ডেবিট লেনদেন, অনলাইন ট্রান্সফার ও ট্রেডিং কার্যক্রম অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছে। ট্রাস্টি জানিয়েছে, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে, কারণ তাদের অর্থ “গুরুতর ঝুঁকিতে” পড়েছে।
বিএসইসি’র তদন্তে উঠে এসেছে, এলআর গ্লোবাল ছয়টি ফান্ডের মোট ৬৯ কোটি টাকার বেশি অর্থ অপব্যবহার করেছে। প্রতিষ্ঠানটি প্রথমে ওটিসি মার্কেটে তালিকাভুক্ত বন্ধ ও লোকসানে থাকা পদ্মা প্রিন্টার্সের ৫১ শতাংশ শেয়ার অস্বাভাবিক উচ্চ দামে কিনে প্রায় ২৪ কোটি টাকা বিনিয়োগ করে, পরে কোম্পানিটির নাম পরিবর্তন করে কোয়েস্ট বিডিসি লিমিটেড রাখা হয়।
এরপর দ্বিতীয় ধাপে নতুন শেয়ার ইস্যুর মাধ্যমে ওই একই কোম্পানিতে আরও ৪৫ কোটি টাকা ঢালার ঘটনা শনাক্ত হয়। বিএসইসি বলেছে, এসব বিনিয়োগ “স্পষ্টভাবে উদ্দেশ্যপ্রণোদিত” এবং বিনিয়োগকারীদের মূলধন নষ্টের সমান।
নিয়ন্ত্রক সংস্থা ইতিমধ্যে কঠোর ব্যবস্থা নিয়েছে— এলআর গ্লোবালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিয়াজ ইসলামকে আজীবনের জন্য বাজার কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি কোম্পানিটিকে সুদসহ প্রায় ৯০ কোটি টাকা ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট ছয়টি ফান্ডে ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত না দিলে রিয়াজ ইসলামকে ৯৮ কোটি টাকা জরিমানা দিতে হবে। এছাড়া কোম্পানির পরিচালক জর্জ এম. স্টক (III) এবং রেজাউর রহমান সোহাগকে প্রত্যেককে ১ কোটি টাকা করে জরিমানা করা হয়েছে।
শুধু তাই নয়, ট্রাস্টি প্রতিষ্ঠান বিজিআইসিসহ আরও ছয়জনকে অনিয়মে জড়িত থাকার দায়ে সম্মিলিতভাবে মোট ৯ কোটি ১১ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি।
বিএসইসি জানিয়েছে, এলআর গ্লোবালের হিসাব-নিকাশ পর্যালোচনা শেষে এই ছয়টি ফান্ড পরিচালনার জন্য একটি নতুন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি নিয়োগ দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *