শনিবার, অক্টোবর ৩, ২০২৬
ব্যাংক

খেলাপি এস আলম গ্রুপের বিদ্যুৎকেন্দ্রের এলসি খোলায় বিশেষ অনুমতি

ঋণখেলাপি এস আলম গ্রুপের প্রতিষ্ঠান এসএস পাওয়ার-১ লিমিটেডের জন্য আমদানি ঋণপত্র (এলসি) খোলার বিশেষ অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই অনুমোদনের ফলে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক প্রতিষ্ঠানটির পক্ষে শতভাগ নগদ মার্জিনের বিপরীতে এলসি খুলতে পারবে। এ সুবিধা আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

রোববার (১৬ আগস্ট) দেশের সব ব্যাংকে পাঠানো এক নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, এসএস পাওয়ার-১ লিমিটেডের অনুকূলে শতভাগ নগদ মার্জিনের ভিত্তিতে আমদানি এলসি খোলার অনুমতি দেওয়া হয়েছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ১২১ ধারায় বাংলাদেশ ব্যাংকের ওপর অর্পিত ক্ষমতাবলে সরকারের সঙ্গে পরামর্শ করে এ বিশেষ অনুমোদন দেওয়া হয়েছে।

চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা এলাকায় অবস্থিত এসএস পাওয়ার-১-এর বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১ হাজার ৩২০ মেগাওয়াট। এস আলম গ্রুপ ও একটি চীনা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে নির্মিত কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি ২০২৩ সালের সেপ্টেম্বরে বাণিজ্যিক উৎপাদনে যায়। এরপর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে আসছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এস আলম গ্রুপ ও তাদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান দেশের ব্যাংক খাত থেকে নামে-বেনামে বিপুল পরিমাণ অর্থ ঋণ হিসেবে নিয়েছে। এসব ঋণের পরিমাণ প্রায় ২ লাখ ২৫ হাজার কোটি টাকা। এর বড় একটি অংশ বর্তমানে খেলাপি হয়ে পড়েছে।

সাধারণ ব্যাংকিং বিধান অনুযায়ী, কোনো ঋণখেলাপি প্রতিষ্ঠানকে নতুন করে ঋণসুবিধা দেওয়া বা এলসি খোলার সুযোগ সীমিত। তবে বিশেষ পরিস্থিতি বিবেচনায় এসএস পাওয়ার-১-এর ক্ষেত্রে এ বিধান থেকে ব্যতিক্রমী অনুমোদন দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, রূপালী ব্যাংককে এসএস পাওয়ার-১ এর জন্য এলসি খোলার ক্ষেত্রে শতভাগ নগদ মার্জিন নিশ্চিত করতে হবে। অর্থাৎ আমদানির বিপরীতে প্রয়োজনীয় অর্থ আগে থেকেই নগদ মার্জিন হিসেবে জমা রাখতে হবে। এতে এলসি খোলার ক্ষেত্রে ব্যাংকের নিজস্ব অর্থায়ন ও ঝুঁকি তুলনামূলকভাবে সীমিত থাকবে।

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *