শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
অর্থনীতিএক্সক্লুসিভ

গার্মেন্টস খাতে ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগের অঙ্গীকার চীনের

 তৈরি পোশাক ও টেক্সটাইল খাতে ২০টিরও বেশি নতুন চীনা প্রতিষ্ঠান বাংলাদেশে প্রায় ৮০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের অঙ্গীকার করেছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকায় চীনা দূতাবাসে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে বৈঠকে তিনি এ কথা জানিয়েছেন।
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, গতবছর থেকে এখন পর্যন্ত তৈরি পোশাক, টেক্সটাইল খাতের ২০টিরও বেশি নতুন চীনা প্রতিষ্ঠান বাংলাদেশে প্রায় ৮০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের অঙ্গীকার করেছে, যা বাস্তবায়ত হলে ওইসব খাতে বাংলাদেশের রপ্তানি আরো বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, চীনা উদ্যোক্তাদের বাংলাদেশে বিশেষ করে বিদ্যুৎ চালিত যানবাহন (ইলেকট্রনিক ভেহিকেল) খাতে বিনিয়োগে আগ্রহ রয়েছে, তবে এখাতে বিদ্যমান উচ্চ শুল্ক এবং সহায়ক নীতিমালার অনুপস্থিতি সংশ্লিষ্ট খাতের বিনিয়োগকে বাধাগ্রস্ত করছে। বাংলাদেশ সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে, সংশ্লিষ্ট নীতিমালার যুগোপযোগীকরণে উদ্যোগী হবে এবং ঢাকা চেম্বারকে এ বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি জানান, বাংলাদেশের মোট রপ্তানির ৮৫ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে, যা দীর্ঘমেয়াদে টেকসই নয়। এমতাবস্থায় তিনি বাংলাদেশের রপ্তানির সম্ভাবনাময় অন্যান্য খাতকে অগ্রাধিকারের ভিত্তিতে রপ্তানি পণ্যের বহুমুখীকরণ ও সক্ষমতা বাড়ানোর উপর জোরারোপ করেন।
বৈঠকে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, ২০২৪ অর্থবছরে বাংলাদেশ ও চীনের মধ্যে মোট দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ১৭.৩৫ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে চীন থেকে আমদানি হয়েছে ১৬.৬৪ বিলিয়ন ডলারের পণ্য, আর রপ্তানি হয়েছে মাত্র ৭১৫.৩৮ মিলিয়ন ডলারের পণ্য।
তিনি বলেন, বাংলাদেশের টেকসই অর্থনৈতিক উন্নয়ন এবং এলডিসি থেকে উত্তরণের সুযোগ কাজে লাগাতে চীনের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরদার করা প্রয়োজন।
ডিসিসিআই সভাপতি অবকাঠামো, জ্বালানি, শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, আইটি, নবায়নযোগ্য জ্বালানি, অটোমোবাইল, লাইট ইঞ্জিনিয়ারিং, পাদুকা, চিকিৎসা সরঞ্জাম, এপিআই, সেমিকন্ডাক্টর এবং জাহাজ নির্মাণ খাতে চীনের বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *