ডিএসইর দুই কর্মকর্তার ঘুষের অভিযোগে আইনি নোটিশ
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দুই জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে নিয়োগে ঘুষ ও অনিয়মের অভিযোগ তোলায় প্রতিষ্ঠানটির সাবেক এক নারী কর্মীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। অভিযোগের পক্ষে প্রমাণ হাজির, বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে এ ধরনের বক্তব্য না দেওয়ার অঙ্গীকার করতে তাকে সাত দিনের সময় দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে এসব শর্ত পূরণ না করলে ওই সাবেক কর্মীর বিরুদ্ধে মানহানির মামলা করার পাশাপাশি অন্তত ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে দেওয়ানি মামলা করার হুমকি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) ডিএসইর জেনারেল ম্যানেজার (এইচআর ও অ্যাডমিন) হাসান তারেক চৌধুরী এবং জেনারেল ম্যানেজার ও অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের প্রধান তাজুল ইসলামের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ওমর এইচ খান নোটিশটি পাঠান। নোটিশটি ডিএসইর সাবেক নির্বাহী কর্মকর্তা মারিয়াম আক্তারের কাছে পাঠানো হয়েছে।
