দুই বীমা কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয়
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই বীমা কোম্পানি ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি ও সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানি দুটির দীর্ঘমেয়াদি ক্রেডিট রেটিং ‘এএএ’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-১’ নির্ধারণ করা হয়েছে। উভয় কোম্পানির রেটিংয়ের পূর্বাভাস রাখা হয়েছে ‘স্থিতিশীল’।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির ক্রেডিট রেটিং নির্ধারণ করেছে ওয়াসো ক্রেডিট রেটিং কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। প্রতিষ্ঠানটি কোম্পানিটির সার্ভেইলেন্স সিপিএ (দাবি পরিশোধ সক্ষমতা) রেটিং দীর্ঘমেয়াদে ‘এএএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ নির্ধারণ করেছে। একই সঙ্গে রেটিংয়ের পূর্বাভাস ‘স্থিতিশীল’ রাখা হয়েছে।
২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিক পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক বিবরণী এবং অন্যান্য প্রাসঙ্গিক গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে ইউনিয়ন ইন্স্যুরেন্সের এ রেটিং নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিপিএ বা দাবি পরিশোধ সক্ষমতার রেটিং প্রকাশ করেছে আর্গাস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)। প্রতিষ্ঠানটি কোম্পানিটির দীর্ঘমেয়াদি রেটিং ‘এএএ’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-১’ নির্ধারণ করেছে। এ রেটিংয়ের পূর্বাভাসও ‘স্থিতিশীল’ রাখা হয়েছে।
কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক বিবরণী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক বিবরণী এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য বিবেচনায় নিয়ে এ রেটিং নির্ধারণ করা হয়েছে।
