সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
আজকের সংবাদ

বিএসইসি চেয়ারম্যানের নামে ভুয়া ফটোকার্ড, সতর্ক করল কমিশন

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খানের নামে পুঁজিবাজারের দরপতন সংক্রান্ত বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফটোকার্ডসহ বিভিন্ন অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।

তবে ফটোকার্ডে প্রচারিত বক্তব্য সঠিক নয় বলে জানিয়েছে বিএসইসি। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অসত্য ও বিভ্রান্তিকর তথ্য যাচাই ছাড়া বিশ্বাস বা শেয়ার না করতে বিনিয়োগকারীসহ জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সোমবার (১৯ অক্টোবর) বিএসইসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চেয়ারম্যান মহোদয়ের নামে প্রচারিত এ ধরনের বক্তব্যসংবলিত ফটোকার্ড এর বক্তব্য সঠিক নয় এবং চেয়ারম্যান মহোদয় এধরণের কোন বক্তব্য দেননি।

জনসাধারণ ও বিনিয়োগকারীদের প্রতি অনুরোধ, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো বক্তব্য, ফটোকার্ড বা তথ্যের সত্যতা যাচাই না করে তা বিশ্বাস বা শেয়ার করা থেকে বিরত থাকুন।

কমিশন বলছে, পুঁজিবাজারের স্বাভাবিক কার্যক্রম, বিনিয়োগকারীদের স্বার্থ এবং বাজারের প্রতি জনসাধারণের আস্থা বজায় রাখার স্বার্থে গুজব, অসত্য, বিভ্রান্তিকর বা ভিত্তিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকা সবার দায়িত্ব। এ ধরনের তথ্য পুঁজিবাজার সম্পর্কে ভুল ধারণা সৃষ্টি করতে পারে এবং বিনিয়োগকারীদের সিদ্ধান্ত গ্রহণে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এ অবস্থায় বিএসইসি চেয়ারম্যানসহ কমিশনের কর্মকর্তা বা সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে কোনো বক্তব্য, ফটোকার্ড বা তথ্য প্রচারের আগে তার সত্যতা ও নির্ভরযোগ্যতা যাচাই করার অনুরোধ জানিয়েছে কমিশন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং শেয়ার করা থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুঁজিবাজারের উন্নয়ন, স্বচ্ছতা ও স্থিতিশীলতা বজায় রাখা এবং বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে বিএসইসি প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য অর্জনে বিনিয়োগকারীসহ সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল আচরণ ও সহযোগিতা একান্ত কাম্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *