রাশেদ মাকসুদ কমিশন পদত্যাগ না করায় বিএসইসিতে কর্মবিরতি
শেয়ারবাজারের চলমান অস্থিরতার মধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন— তিনি ও তার কমিশন পদত্যাগ করবেন না! বরং, আরও শক্ত অবস্থান নিয়ে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশনা পেয়েছেন সরকার থেকে।
বৃহস্পতিবার (৬ মার্চ) বিএসইসি কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “সরকারের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তারা আমাদের বলেছেন, কাজ যেন আরও জোরদার করি। আমরা যে মিশন নিয়ে নেমেছি, তা থেকে এক চুলও সরবো না। কোনো অন্যায়ের কাছে মাথা নত করবো না।”
অন্যদিকে, বিএসইসির কর্মকর্তা-কর্মচারীদের একাংশ কমিশনের পদত্যাগ দাবিতে কর্মবিরতি পালন করছে। ফলে অফিস কার্যক্রমে কিছুটা অচলাবস্থা তৈরি হয়েছে। তবে, কমিশন তাদের সিদ্ধান্তে অটল রয়েছে।
বিএসইসির কমিশনার লালারুখ বলেন, “আমরা তাদের কাজে ফেরার আহ্বান জানাচ্ছি। তারা যদি কাজে না ফেরে, তাহলে কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।”
