সপ্তাহজুড়ে পুঁজি বেড়েছে: আগামীতে ইতিবাচক সম্ভাবনা
বিদায়ী সপ্তাহে অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত এই ৫ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে লেনদেন হয়েছে। আলোচ্য সপ্তাহে টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে। সেই সঙ্গে সপ্তাহের ব্যবধানে ডিএসই‘র বাজার মূলধন বেড়েছে ৫ হাজার ৪৫১ কোটি টাকার বেশি। ডিএসই‘র সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
ডিএসই‘র সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা যায়, আলোচ্য সময়ে ডিএসই‘র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ১.১১ পয়েন্ট বা ০.০২ শতাংশ। এদিকে ডিএসইএস সূচক বেড়েছে ৭.১৯ পয়েন্ট বা ০.৬২ শতাংশ, আর ডিএসই-৩০ সূচক কমেছে ৯.২২ পয়েন্ট বা ০.৪৮ শতাংশ। এ সময় ডিএসইতে ৩৯৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৯ টির, কমেছে ২০৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭ টি শেয়ার ও ইউনিটের দর।
আলোচ্য সময়ের শুরুতে ডিএসই‘র বাজার মূলধন ছিল ৬ লাখ ৮৯ হাজার ৭৩৯ কোটি ৯০ লাখ টাকা। আর সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৫ হাজার ১৯১ কোটি ৫৮ লাখ টাকা।
সে হিসেবে সপ্তাহের ব্যবধানে ডিএসই‘র বাজার মূলধন বেড়েছে ৫ হাজার ৪৫১ কোটি ৬৮ লাখ টাকা বা ০.৭৯ শতাংশ।
এছাড়া সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৩৫১ কোটি ৭৩ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ২ হাজার ১০৭ কোটি ২৩ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ২৪৪ কোটি ৫০ লাখ টাকা। যা সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৪৭০ কোটি ৩৪ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৪২১ কোটি ৪৪ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ১১.৬০ শতাংশ।
