আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তির সুযোগ, যোগ্য ৭ ধরনের কোম্পানি
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক: প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ছাড়াই দেশের পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তির সুযোগ বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এ ক্ষেত্রে কোন ধরনের কোম্পানি সরাসরি তালিকাভুক্ত হতে পারবে, তা উল্লেখ করে রোববার প্রজ্ঞাপন জারি করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থাটি।
প্রজ্ঞাপন অনুযায়ী, সাত ধরনের কোম্পানি সরাসরি তালিকাভুক্তির সুযোগ পাবে। এগুলো হলো—
১. সম্পূর্ণ সরকারি মালিকানাধীন অথবা সরকারের অন্তত ৫১ শতাংশ মালিকানা রয়েছে—এমন কোম্পানি।
২. যেসব কোম্পানিতে সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মালিকানা রয়েছে এবং পরিশোধিত মূলধনে সরকারের অংশ অন্তত ১০ শতাংশ।
৩. সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন অথবা বিদেশিদের অন্তত ৫১ শতাংশ মালিকানা রয়েছে—এমন কোম্পানি।
৪. সর্বশেষ নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী অন্তত ৫০০ কোটি টাকা নিট সম্পদমূল্যের তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা বিমা কোম্পানি।
৫. বছরে অন্তত ১ হাজার কোটি টাকা টার্নওভার রয়েছে—এমন কোম্পানি।
৬. বিএসইসিতে নিবন্ধিত স্টক এক্সচেঞ্জ, ডিপোজিটরি অথবা ক্লিয়ারিং ও সেটেলমেন্ট কোম্পানি।
৭. বিএসইসি ঘোষিত যোগ্য কোম্পানি।
এর আগে ২০০৬ সালে সরাসরি তালিকাভুক্তির পদ্ধতি চালুর পর থেকে শেয়ার ছেড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে পাঁচটি রাষ্ট্রায়ত্ত ও পাঁচটি বেসরকারি প্রতিষ্ঠান।
রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো হলো—ডেসকো, পাওয়ার গ্রিড, যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও তিতাস গ্যাস। বেসরকারি কোম্পানিগুলো হলো—শাইনপুকুর সিরামিকস, এসিআই ফর্মুলেশনস, নাভানা সিএনজি, ওশান কনটেইনার্স ও খুলনা পাওয়ার কোম্পানি।
তার আগে ২০০৩ সালে বিশেষ বিবেচনায় বহুজাতিক কোম্পানি লাফার্জ সিমেন্টকে সরাসরি তালিকাভুক্ত করা হয়েছিল।
