আগস্টে ৩০ দিনে রেমিট্যান্স এলো ২৮৩ কোটি ডলার
চলতি বছরের আগস্টের প্রথম ৩০ দিনে দেশে ২৮৩ কোটি ডলার বা ২ দশমিক ৮৩ বিলিয়ন ডলারের প্রবাসী আয় এসেছে। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে স্থানীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৪ হাজার ৮০৯ কোটি টাকা।
সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, রোববার একদিনেই দেশে ১ হাজার ৯৮০ কোটি ৩০ লাখ টাকার প্রবাসী আয় এসেছে। আগস্টের প্রথম ৩০ দিনে মোট রেমিট্যান্স এসেছে ২৮৩ কোটি ডলার।
গত বছরের আগস্টের প্রথম ৩০ দিনে দেশে প্রবাসী আয় এসেছিল ২২২ কোটি ৯০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ২৬ দশমিক ৯০ শতাংশ।
চলতি অর্থবছরের শুরু থেকে ৩০ আগস্ট পর্যন্ত দেশে মোট ৫৬৮ কোটি ৯০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ৪৭০ কোটি ৭০ লাখ ডলার।
এদিকে আগস্টের প্রথম ২৯ দিনে দেশের আটটি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। ব্যাংকগুলো হলো-রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি (বিডিবিএল), বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি খাতের আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক পিএলসি এবং বিদেশি খাতের আল ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।
