শুক্রবার, মে ১, ২০২৬
এক্সক্লুসিভ

আগামী ১ ফেব্রুয়ারি স্পিনিং মিল অনির্দিষ্টকালের জন্য বন্ধ’ মিল মালিকরা’

সাত দিনের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের ১০-৩০ কাউন্টের সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সুপারিশ বাস্তবায়ন না হলে আগামী ১ ফেব্রুয়ারি থেকে দেশের সব স্পিনিং মিল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মিল মালিকরা।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীতে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তারা। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল।
সংবাদ সম্মেলনে মিল মালিকরা বলেন, সুপারিশ বাস্তবায়নে ব্যর্থ হলে শিল্প খাতে চরম সংকট তৈরি হবে। এর ফলে শ্রমিক অসন্তোষ সৃষ্টি হলে তার সম্পূর্ণ দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে।
একই সঙ্গে তারা জানান, বিদ্যমান পরিস্থিতিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের দায়-দেনা পরিশোধ করা ভবিষ্যতে আর সম্ভব হবে না। এতে ব্যাংক ও আর্থিক খাতে কোনো বিপর্যয় দেখা দিলে তার দায়ও সরকারকেই বহন করতে হবে।
বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, সম্প্রতি ক্রিকেট খেলা সংক্রান্ত বিষয়ে সরকারের মধ্যে যে দেশপ্রেমের প্রকাশ আমরা দেখেছি, দেশীয় টেক্সটাইল শিল্প রক্ষায় তার সামান্য প্রতিফলনও দেখতে পাচ্ছি না। বিষয়টি আমাদের কাছে বোধগম্য নয়।তিনি আরও বলেন, এর পেছনে কোনো বৃহৎ ষড়যন্ত্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখা জরুরি।
সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং দেশীয় টেক্সটাইল শিল্প রক্ষায় অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি করেন। গণমাধ্যম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *