উদ্যোক্তা-পরিচালকদের বাদ দিয়ে ৪৩ কোম্পানির লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪৩টি কোম্পানি ২০২৫-২৬ অর্থবছরের জন্য শুধু সাধারণ শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ, এসব কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকরা এবার লভ্যাংশ পাবেন না।
আর্থিক চাপের মধ্যে শেয়ারবাজারে নিজেদের তালিকাভুক্তির শ্রেণি ধরে রাখার প্রচেষ্টার অংশ হিসেবে কোম্পানিগুলো এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জন্য এখন পর্যন্ত ১৭০টি তালিকাভুক্ত কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫৬টি কোম্পানি ১০ শতাংশের বেশি নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। ২৮টি কোম্পানি ১০ শতাংশের কম নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সাতটি কোম্পানি নগদ ও বোনাস উভয় ধরনের লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর একটি কোম্পানি শুধু বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।
অন্যদিকে, ৩৪টি কোম্পানি কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। টানা দুই বছর লভ্যাংশ না দেওয়ায় এর মধ্যে ছয়টি কোম্পানি জেড শ্রেণিতে নেমে গেছে। কোম্পানিগুলো হলো অ্যাপেক্স ট্যানারি, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস (বিবিএস), দেশবন্ধু পলিমার, গোল্ডেন সন, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এবং ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক (আইএসএন)।
শুধু সাধারণ শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেওয়ার তালিকায় রয়েছে বস্ত্র, ওষুধ, বিদ্যুৎ, খাদ্য ও প্রকৌশল খাতের ৪৩টি কোম্পানি। এসব কোম্পানির লভ্যাংশের হার ০.১০ শতাংশ থেকে ৪০.৫ শতাংশ পর্যন্ত।
তালিকার সাতটি কোম্পানি ফার কেমিক্যাল, কাট্টলী টেক্সটাইল, এমএল ডাইং, মাস্টার ফিড, মুন্নো ফেব্রিকস, সিলভা ফার্মা ও ভিএফএস থ্রেড মাত্র ০.১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে এর পরিমাণ মাত্র ১ পয়সা।
অন্যদিকে, এই ৪৩ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি ৪০.৫ শতাংশ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে ফাইন ফুডস। ডরিন পাওয়ার ও প্যারামাউন্ট টেক্সটাইল ১৫ শতাংশ করে এবং তামিজউদ্দিন টেক্সটাইল ১৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। আমান ফিড ১০.৫ শতাংশ এবং ক্রাফটসম্যান ফুটওয়্যার ১০ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সব তালিকাভুক্ত কোম্পানির মধ্যে অবশ্য সবচেয়ে বেশি লভ্যাংশ ঘোষণা করেছে মেঘনা পেট্রোলিয়াম। কোম্পানিটি ২১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে, যা শেয়ারপ্রতি ২১ টাকা। এরপর রয়েছে পদ্মা অয়েল। কোম্পানিটি ১৭০ শতাংশ বা শেয়ারপ্রতি ১৭ টাকা নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এছাড়া স্কয়ার ফার্মাসিউটিক্যালস ১৩০ শতাংশ, যমুনা অয়েল ১২০ শতাংশ এবং ইস্টার্ন লুব্রিকেন্টস ১১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
ডিএসইর তালিকাভুক্তি বিধিমালা অনুযায়ী, অন্তত ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা কোম্পানি এ শ্রেণিতে থাকে। ১০ শতাংশের কম লভ্যাংশ ঘোষণা করলে বি শ্রেণিতে রাখা হয়। আর টানা দুই বছর লভ্যাংশ ঘোষণা না করলে কোম্পানিকে জেড শ্রেণিতে স্থানান্তর করা হয়।
তবে বিশ্লেষকদের মতে, সামান্য লভ্যাংশ ঘোষণা করলেই কোনো কোম্পানির আর্থিক অবস্থার উন্নতি হয়েছে, এমনটি মনে করার কারণ নেই। কোম্পানিগুলো পর্যাপ্ত মুনাফা ও নগদ প্রবাহ তৈরি করতে পারছে কি না, ব্যবসা সচল রাখার সক্ষমতা কতটুকু এবং ভবিষ্যতে শেয়ারহোল্ডারদের ভালো রিটার্ন দেওয়ার সুযোগ আছে কি না, সেদিকেও নজর দেওয়া জরুরি।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, তালিকাভুক্ত কিছু কোম্পানি যেখানে ১০০ শতাংশের বেশি নগদ লভ্যাংশ দিচ্ছে, সেখানে অন্য কিছু কোম্পানি শেয়ারপ্রতি মাত্র ১ পয়সা দিচ্ছে। এই ব্যবধান তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক অবস্থার বড় ধরনের পার্থক্য তুলে ধরছে। তাই বিনিয়োগের আগে শুধু লভ্যাংশের হার নয়, কোম্পানির আয়, নগদ প্রবাহ, ঋণের পরিমাণ ও ভবিষ্যৎ ব্যবসার সম্ভাবনাও বিবেচনা করা প্রয়োজন।
