এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী মারা গেছেন
পুঁজিবাজার প্রেস.কম : এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
সাঈদ হোসেন চৌধুরী কর্ণফুলী গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, প্রখ্যাত শিক্ষানুরাগী, ভাষাসৈনিক ও সমাজসেবক হেদায়েত হোসেন চৌধুরীর ছেলে ও বিশিষ্ট ব্যবসায়ী ও কর্ণফুলী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাবের হোসেন চৌধুরীর ভাই।
দেশের চা শিল্প উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সাঈদ হোসেন চৌধুরী। তাঁর মালিকানাধীন এইচআরসি গ্রুপ দেশের অন্যতম চা রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশকে তুলে ধরেছে।
এইচআরসি গ্রুপ শুধু চা শিল্প নয়—পর্যটন, জাহাজ নির্মাণ, আবাসন, পরিবহন, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতেও দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। প্রতিষ্ঠানটির মাধ্যমে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে।
