চলে গেলেন না ফেরার দেশে গ্রেটওয়াল সিরামিকের মালিক শামসুল হুদা
দেশের খ্যাতনামা শিল্পী উদ্যোগতা গ্রেট ওয়াল সিরামিকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা সমিতির সাবেক সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব সামছুল হুদা আর নেই।
দীর্ঘ দিন ক্যান্সারে আক্রান্ত থেকে জীবনের সাথে যুদ্ধ করে আজ চলে গেলন।
মানুষ চলে যায়, কিন্তু রেখে যায় তার কর্মের আলোকছটা।
ঠিক এমনই এক আলো ছড়িয়ে রেখে না ফেরার দেশে পাড়ি জমালেন লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জের কৃতিসন্তান, গ্রেটওয়াল সিরামিকের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি ও দানবীর আলহাজ্ব শামসুল হুদা৷
গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বাদ যোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে।
পরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের নিজ বাড়িতে সমাহিত করা হবে।
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার ৯নং উত্তর জয়পুর ইউনিয়নে জন্ম নেওয়া শামসুল হুদা ছিলেন সাদাসিধে গ্রামের সন্তান। কিন্তু তার স্বপ্ন ছিল আকাশছোঁয়া। পরিশ্রম, সততা আর অদম্য মেধাকে পুঁজি করে তিনি গড়ে তোলেন গ্রেটওয়াল সিরামিক- যা আজ দেশের অন্যতম শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান।
দানশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত
ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতাকেও তিনি নিজের জীবনের অংশ করেছিলেন। শিক্ষার্থীদের পড়াশোনার খরচ বহন করা, অসংখ্য মসজিদ-মাদ্রাসা নির্মাণ, দরিদ্র মানুষের চিকিৎসা সহায়তা—সবখানেই তার ছিল উদার হাত। বলা হয়ে থাকে, তিনি কাউকে খালি হাতে ফেরাননি।
মানুষের হৃদয়ে অম্লান
স্থানীয় মানুষ তাকে শুধু একজন উদ্যোক্তা হিসেবে নয়, একজন অভিভাবক হিসেবেও দেখতেন। তার সহানুভূতি ও মমত্ববোধ তাকে আলাদা করে চিনিয়েছে। মৃত্যুর খবরে চন্দ্রগঞ্জসহ পুরো লক্ষ্মীপুরে নেমে এসেছে শোকের ছায়া।
তিনি ছিলেন আমাদের গর্ব, আমাদের আলোর দিশারি, -এভাবেই স্মৃতিচারণ করছেন এলাকার মানুষ।
বিদায়ের বেদনা তার কর্মে ও দানে অগ্রণী এই মানুষটি না থাকলেও তার রেখে যাওয়া দৃষ্টান্ত, অনুকরণীয় কর্ম এবং মানবপ্রেম প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা জোগাবে।
