শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
অর্থনীতি

বন্ধ শিল্প-সেবা খাতের ২০ হাজার কোটি টাকার স্কিমে বাংলাদেশ ব্যাংকের নতুন শর্ত

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : বন্ধ শিল্পকারখানা ও সেবা খাতের প্রতিষ্ঠান পুনরায় চালু করতে সরকারের গঠিত ২০ হাজার কোটি টাকার তহবিলের নীতিমালায় পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক।

স্কিমটির নাম পরিবর্তনসহ ঋণ অনুমোদন, আবেদন দাখিল ও অর্থ পরিশোধের প্রক্রিয়ায় নতুন শর্ত যুক্ত করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে স্কিমটি ‘বন্ধ শিল্প ও সেবা খাত সহায়ক পুনঃঅর্থায়ন স্কিম’ নামে পরিচিত হবে। আগে এটি ‘প্রাক-অর্থায়ন স্কিম’ নামে পরিচালিত হতো।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

 

 

 

 

সার্কুলারে বিআরপিডি সার্কুলার লেটার নম্বর-১৩ (৪ আগস্ট ২০২৬), বিআরপিডি-৩ সার্কুলার লেটার নম্বর-০১ (৭ সেপ্টেম্বর ২০২৬) এবং সার্কুলার লেটার নম্বর-০২ (১৯ সেপ্টেম্বর ২০২৬)-এর নির্দেশনা অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।

 

 

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় স্কিমটির নামের পাশাপাশি বিভিন্ন অনুচ্ছেদে সংশোধন আনা হয়েছে। এখন থেকে ‘প্রাক-অর্থায়ন স্কিম’-এর পরিবর্তে ‘পুনঃঅর্থায়ন স্কিম’ শব্দ ব্যবহার করতে হবে। বন্ধ শিল্প ও সেবা খাতের যেসব উদ্যোক্তা বা গ্রাহক ব্যাংকের কাছ থেকে প্রয়োজনীয় সহায়তা পাননি, তাঁদের জন্য এ স্কিমের আওতায় সহায়তা পাওয়ার বিষয়টি প্রযোজ্য হবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, কারখানার জমি, ভবন ও যন্ত্রপাতিসংক্রান্ত নির্দিষ্ট শর্ত পূরণের বিষয়টি সংশ্লিষ্ট ব্যাংককে ঘোষণাপত্রের মাধ্যমে নিশ্চিত করতে হবে।

 

 

 

ঋণগ্রহীতা যে ব্যাংক থেকে ঋণ নেবেন, সেই ব্যাংকে ঋণ পরিশোধের সব লেনদেন এসক্রো অ্যাকাউন্ট অথবা রেভিনিউ অ্যাকাউন্টের মাধ্যমে সম্পন্ন করতে হবে। এ-সংক্রান্ত তথ্য বাংলাদেশ ব্যাংকের আগের নির্দেশনা অনুযায়ী সংরক্ষণ করতে হবে।

সার্কুলারে বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ বা নির্বাহী কমিটি ঋণ অনুমোদন করার পর পরবর্তী সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রসহ বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগে আবেদন করতে হবে।

 

 

 

নির্ধারিত সময়ে আবেদন জমা দিতে না পারলে যথাযথ কারণ উল্লেখ করে পরবর্তী ১৫ দিনের মধ্যে আবেদন দাখিলের সুযোগ থাকবে। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সম্পাদিত অংশগ্রহণমূলক চুক্তিতেও (পার্টিসিপেশন এগ্রিমেন্ট) প্রয়োজনীয় সংশোধন আনার নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা জারি করেছে। সার্কুলারটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *