মুনাফায় ধস, এমএল ডাইংয়ে বিএসইসির তদন্ত!
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : চার বছরের ব্যবধানে এমএল ডাইং লিমিটেডের নিট মুনাফা ১৪ কোটি ৩৫ লাখ টাকা থেকে কমে দাঁড়িয়েছে মাত্র ৩৮ লাখ ৬০ হাজার টাকায়। এরপর ২০২৬ অর্থবছরে লোকসানে পড়েছে কোম্পানিটি।
এর মধ্যে বন্ধ হয়ে গেছে উৎপাদনের মূল ডাইং ইউনিট। সহযোগী প্রতিষ্ঠানে বিনিয়োগ করা ২০ কোটি ৪২ লাখ টাকার হিসাবও শূন্য দেখানো হচ্ছে।
অন্যদিকে বেড়েছে আর্থিক ব্যয়, কমেছে পরিচালন নগদ প্রবাহ। তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানিটির এমন আর্থিক অবনতির কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
কোম্পানিটির আর্থিক প্রতিবেদন, মূল উৎপাদন ইউনিট বন্ধ, সহযোগী প্রতিষ্ঠানে বিনিয়োগের হিসাব, আর্থিক ব্যয় বৃদ্ধি, মজুত পণ্যের মূল্যায়ন এবং অবণ্টিত লভ্যাংশসহ মোট নয়টি বিষয় তদন্ত করবে বিএসইসি। গত ১৭ নভেম্বর কমিশনের মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ এ তদন্তের নির্দেশ দেয়। তদন্ত দলকে ৬০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিএসইসির তদন্তের অন্যতম বিষয় কোম্পানিটির মূল ডাইং ইউনিট বন্ধ হয়ে যাওয়া। কেন ইউনিটটি বন্ধ করা হয়েছে, এর ফলে কোম্পানির সম্পদের কার্যকারিতা ও মুনাফায় কী প্রভাব পড়েছে, তা খতিয়ে দেখা হবে। ২০২৫ অর্থবছরে কোম্পানিটির পরিচালন নগদ প্রবাহ ঋণাত্মক হওয়ার কারণও অনুসন্ধান করবে তদন্ত দল। ইউনিট বন্ধের বিষয়ে বিনিয়োগকারীদের যথাযথভাবে মূল্য সংবেদনশীল তথ্য জানানো হয়েছিল কি না, সেটিও যাচাই করা হবে।
কোম্পানিটির ২০২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে দেখানো মজুত পণ্যের হিসাবের যথার্থতা নিয়েও প্রশ্ন তুলেছে বিএসইসি। এ জন্য নিরীক্ষকের কাছ থেকে সংশ্লিষ্ট কার্যপত্র সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্তের আওতায় রয়েছে কোম্পানিটির আর্থিক ব্যয় বৃদ্ধির বিষয়টিও। ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত নয় মাসে এ ব্যয় আগের বছরের একই সময়ের তুলনায় ১৭৭ শতাংশ বেড়েছে। এত বেশি ব্যয় বৃদ্ধির কারণ ও যৌক্তিকতা খতিয়ে দেখবে কমিশন।
এ ছাড়া সহযোগী প্রতিষ্ঠান শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি, যা আগে আরএন স্পিনিং মিলস নামে পরিচিত ছিল, সেখানে কোম্পানিটির ২০ কোটি ৪২ লাখ টাকার বিনিয়োগের হিসাবও তদন্ত করা হবে।
২০২৫ অর্থবছরের নিরীক্ষিত প্রতিবেদনে নিরীক্ষক উল্লেখ করেছেন, বিনিয়োগটির প্রাথমিক মূল্য ২০ কোটি ৪২ লাখ টাকা হলেও সহযোগী প্রতিষ্ঠানের লোকসানের কারণে ২০২০ সাল থেকে এর বহনমূল্য শূন্য দেখানো হচ্ছে।
এ ক্ষেত্রে আন্তর্জাতিক হিসাবমান (আইএএস) ও আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মানদণ্ড (আইএফআরএস) অনুসরণ করা হয়েছে কি না, তা যাচাই করবে বিএসইসি।
২০২০ অর্থবছর থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত অবণ্টিত লভ্যাংশ এবং ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে (সিএমএসএফ) অর্থ স্থানান্তরের বিষয়টিও তদন্ত করবে কমিশন।
নিরীক্ষকের প্রতিবেদনে বলা হয়েছে, তিন বছরের বেশি সময় ধরে পড়ে থাকা ২২ লাখ ৩ হাজার ১৪ টাকা অবণ্টিত লভ্যাংশ সিএমএসএফে স্থানান্তর করা হয়নি।
কোম্পানিটির আর্থিক ও পরিচালন পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে ব্যবসা চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে কি না, সেটিও মূল্যায়ন করবে তদন্ত দল।
চার বছরে মুনাফা কমেছে ৯৭ শতাংশ
এমএল ডাইংয়ের আর্থিক প্রতিবেদনে ধারাবাহিক অবনতির চিত্র পাওয়া যায়। ২০২১ অর্থবছরে কোম্পানিটির নিট মুনাফা ছিল ১৪ কোটি ৩৫ লাখ টাকা। ২০২২ অর্থবছরে তা কমে ১০ কোটি ১ লাখ টাকা, ২০২৩ অর্থবছরে ৪ কোটি ৫৩ লাখ টাকা এবং ২০২৪ অর্থবছরে ৩ কোটি ১৮ লাখ টাকায় দাঁড়ায়।
২০২৫ অর্থবছরে নিট মুনাফা আরও কমে হয় ৩৮ লাখ ৬০ হাজার টাকা। অর্থাৎ চার বছরের ব্যবধানে মুনাফা কমেছে প্রায় ৯৭ শতাংশ।
এরপর ২০২৬ অর্থবছরে কোম্পানিটি লোকসানে পড়ে। এ সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ঋণাত্মক ৯৭ পয়সা। একই অর্থবছরে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) কমে দাঁড়িয়েছে ১২ টাকা ২৭ পয়সায়, আগের বছর যা ছিল ১৩ টাকা ৩০ পয়সা। শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহও (এনওসিএফপিএস) ঋণাত্মক ২৭ পয়সা থেকে কমে ঋণাত্মক ৩৪ পয়সায় নেমেছে।
তবে লোকসানের মধ্যেও ২০২৬ অর্থবছরের জন্য শেয়ারধারীদের ০.১০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
এদিকে ২০২৫ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদনে অন্যান্য আইনগত ও নিয়ন্ত্রক পরিপালনসংক্রান্ত অংশে ১৯৮৭ সালের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলসের উল্লেখ করেছেন নিরীক্ষক। সেখানে ২০২০ সালের বিধিমালার উল্লেখ না করার কারণ জানতে চেয়েছে বিএসইসি।
কোম্পানিটির মুনাফা ও আর্থিক সূচকের অবনতির কারণ জানতে চাইলে কোম্পানি সচিব এ কে এম আতিউর রহমান গণমাধ্যমে বলেন, বিক্রি কমে যাওয়া ও ব্যয় বেড়ে যাওয়াসহ বিভিন্ন কারণে মুনাফায় পরিবর্তন আসতে পারে। তবে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়ার আগে কোম্পানির অভ্যন্তরীণ আর্থিক নথি পর্যালোচনা করতে হবে।
তিন মাসে শেয়ারদর কমেছে প্রায় ৩০ শতাংশ
কোম্পানিটির আর্থিক অবস্থার অবনতির প্রভাব পড়েছে পুঁজিবাজারেও। ডিএসইর তথ্য অনুযায়ী, ১৮ নভেম্বর এমএল ডাইংয়ের প্রতিটি শেয়ারের দাম ছিল ১১ টাকা।
ওই দিন শেয়ারটির দাম ১০ পয়সা বা দশমিক ৯২ শতাংশ বাড়লেও আগের তিন মাসে কমেছে ২৯ দশমিক ৬৮ শতাংশ। তবে এক বছরের ব্যবধানে দাম বেড়েছে ২৮ দশমিক ২৪ শতাংশ।
গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর ৭ টাকা ৩০ পয়সা থেকে ১৯ টাকা ৩০ পয়সার মধ্যে ওঠানামা করেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তথ্য অনুযায়ী, ১৮ নভেম্বর কোম্পানিটির বাজার মূলধন ছিল প্রায় ২৫৫ কোটি ৬৮ লাখ টাকা।
বিএসইসির তিন সদস্যের তদন্ত দলে রয়েছেন অতিরিক্ত পরিচালক সৈয়দ মুহাম্মদ গোলাম মওলা, সহকারী পরিচালক মো. তারিকুল ইসলাম এবং সহকারী পরিচালক মিজানুর রহমান। ১৯৬৯ সালের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশের ২১ ধারা অনুযায়ী এ তদন্ত পরিচালিত হবে।
