সোমবার, আগস্ট ৩১, ২০২৬
অর্থনীতি

সোনার দাম ভরিতে কমলো ৪৩৭৪ টাকা।

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে এবার ৪ হাজার ৩৭৪ টাকা কমানো হয়েছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সোমবার সোনার দাম কমানোর সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দামের বিষয়টি জানানো হয়।

নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৪ হাজার ১৪১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৩ হাজার ৬১৬ টাকা কমিয়ে করা হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা।

এ ছাড়া সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনার দাম ২ হাজার ৯১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকা।

এর আগে ২৯ আগস্ট সকাল ১০টা থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৭ হাজার ১১৫ টাকা কমিয়ে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করেছিল বাজুস। একই সময়ে ২১ ক্যারেটের দাম কমানো হয়েছিল ৬ হাজার ৮২৩ টাকা, ১৮ ক্যারেটের ৫ হাজার ৮৩২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম কমানো হয়েছিল ৪ হাজার ৭২৪ টাকা।

এরও আগে ২০, ২২ ও ২৫ আগস্ট তিন দফায় সোনার দাম বাড়ানো হয়েছিল। ওই তিন দফায় ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম মোট ১০ হাজার ৯৬৪ টাকা বেড়েছিল। পরে ২৯ ও ৩১ আগস্ট দুই দফায় দাম কমানোয় ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম মোট ১১ হাজার ৪৮৯ টাকা কমেছে।

সোনার পাশাপাশি দেশের বাজারে রুপার দামও কমানো হয়েছে। নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১৭৫ টাকা কমিয়ে ৫ হাজার ১৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১১৭ টাকা কমিয়ে করা হয়েছে ৪ হাজার ৯৫৭ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১১৭ টাকা কমিয়ে ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ১১৬ টাকা কমিয়ে ৩ হাজার ২০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার সকাল ১০টা থেকে সোনা ও রুপার এসব নতুন দাম কার্যকর হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *