৮ মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৩০.৩১ শতাংশ
উন্নয়ন কার্যক্রমে স্থবিরতার কারণে চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৮ মাসে খরচ হয়েছে বরাদ্দের মাত্র ৩০ দশমিক ৩১ শতাংশ। এডিপি বাস্তবায়নের এ হার গত অর্থবছর ছাড়া আগের অন্যান্য অর্থবছরে কখনো এত কম হয়নি। এমন পরিস্থিতিতে বাকি চার মাসে বাস্তবায়ন করতে হবে ৬৯ দশমিক ৬৯ শতাংশ। অন্যদিকে, অর্থবছরের অর্ধেক সময় পেরিয়ে গেলেও ১৫টি মন্ত্রণালয় ও বিভাগ বরাদ্দের ২০ শতাংশও
গতকাল বুধবার এডিপি বাস্তবায়নের সবশেষ তথ্য (জুলাই-ফেব্রুয়ারি) প্রকাশ করে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)। সবশেষ তথ্যানুযায়ী, আট মাসে সব মন্ত্রণালয় ও বিভাগ মিলে বরাদ্দের মাত্র ৩০ দশমিক ৩১ শতাংশ বাস্তবায়ন করেছে, যা আগের ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে ছিল ২৯ দশমিক ৮৭ শতাংশ। যদিও এর আগের তিন অর্থবছরে প্রথম আট মাসে এডিপি বাস্তবায়নের হার ছিল যথাক্রমে ৩৩, ৩৪ এবং ৩৮ শতাংশের বেশি।
আইএমইডির তথ্য অনুযায়ী, অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি এই আট মাসে সবগুলো মন্ত্রণালয় ও বিভাগের উন্নয়ন কার্যক্রমে ৬৩ হাজার ৩২৭ কোটি ৫৩ লাখ টাকা ব্যয় হয়েছে, যা গত অর্থবছরের (২০২৪-২৫) একই সময়ে ছিল ৬৭ হাজার ৫৫৩ কোটি ২১ লাখ টাকা। তবে অর্থবছরের হিসাবে পিছিয়ে থাকলেও একক মাস হিসেবে বাস্তবায়ন হার বেড়েছে। বিদায়ী ফেব্রুয়ারি মাসে অর্থ ব্যয় হয়েছে ৬ দশমিক ১১ শতাংশ, যা তার আগের অর্থবছরের জানুয়ারিতে ছিল মাত্র ৩ দশমিক ৩৯ শতাংশ।
