বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

অস্তিত্ব সংকটে ব্রোকারেজ হাউজ গুলো

পুঁজিবাজার প্রেস.কম প্রতিবেদক :পুঁজিবাজারে আস্থা ও তারল্যের অভাবে অস্তিত্বের সংকটে পড়েছে ব্রোকারেজ হাউজগুলো। ফলে পুঁজিবাজারে টানা দরপতনে বিনিয়োগকারীদের পাশাপাশি চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্রোকারেজ হাউজগুলো। এছাড়া চলমান দরপতনে ছোট হাউজের চেয়ে বড় ব্রোকারেজ হাউজগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

কারণ গত দুই বছরের অধিক সময় ধরে টানা দরপতনে লোকসানের চাপ সামাল দিতে পারছে না ব্রোকারেজ হাউজগুলো, যার ফলে টানা লোকসানে বন্ধ করে দিতেও বাধ্য হচ্ছে তারা। তাদের হিসাবে বছর ব্যবধানে আয় কমেছে ৮০ শতাংশের মতো।

জানা গেছে, এই ক্ষতি সইতে না পেরে চলতি বছরে অন্তত ৩০টি ব্রোকারেজ হাউজের শাখা অফিস বন্ধ হয়েছে। এছাড়া চলতি মাসে অন্তত ৮-১০টি শাখা অফিস বন্ধের সিদ্ধান্ত হয়েছে। এসব ব্রোকারেজ হাউজের কর্মচারীদের ছাঁটাই করা হয়েছে।

সূত্র মতে, ডিএসই-তে প্রতিদিন অন্তত ১ হাজার কোটি টাকার শেয়ার লেনদেন হওয়া দরকার। তাহলে ডিএসই খরচ মিটিয়ে লাভের মুখ দেখতে পারবে। কিন্তু চলতি বছরের শুরু থেকেই ৩-৪শ’ কোটি টাকার গড়ে ঘুরপাক খাচ্ছে ডিএসই’র লেনদেন। ফলে লাভ তো দূরের কথা খরচ যোগাতে হিমশিম খাচ্ছে প্রতিষ্ঠানগুলো।

নাম না প্রকাশের শর্তে ডিএসই’র পুরনো এক সদস্য ক্ষোভ প্রকাশ করে বলেন, বাজার ভালো হবে প্রত্যাশায় গত ১ বছর ধরে আমি কোম্পানি থেকে কোন বেতন নিচ্ছি না। বরং নিজের এফডিআর ভেঙে কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও অফিসের খরচ বহন করছি। লোকসান দিয়ে আর চালাতে পারছি না। তাই বেশকিছু কর্মকর্তা-কর্মচারীকে ছাঁটাই করে দিয়েছি। অফিস বন্ধের নোটিশও দিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *