শনিবার, জুন ১৩, ২০২৬
অর্থনীতি

অস্থির পেঁয়াজের বাজারে বড় দরপতন

ক্রেতারা বলছে, রমজান মাসে পেঁয়াজ অনেক দরকারি পণ্য। এক সপ্তাহ আগেও ১০০ থেকে ১২০ টাকা কেজি ছিল পেঁয়াজের দাম। সপ্তাহের ব‍্যবধানে ৬০ টাকা কেজি বিক্রি হওয়ায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের।

খুচরা বিক্রেতারা বলছে, এখন পেঁয়াজের মৌসুম। কৃষকরা জমি থেকে পেঁয়াজ উত্তোলন করছে। যে কারণে বাজারে আমদানি বেশি হওয়ায় দাম কমেছে। এছাড়া ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে কৃষকরা বেশি বেশি পেঁয়াজ উত্তোলন করায় এক সপ্তাহে পেঁয়াজের দাম অর্ধেকে নেমেছে।

পেঁয়াজ উৎপাদনের এলাকা হিসেবে খ্যাত পাবনায় অর্ধেকে নেমেছে পেঁয়াজের দাম। পাবনায় সুজানগর ও সাঁথিয়ার পাইকারি বাজারে পাঁচ দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে প্রায় অর্ধেক। ৩ হাজার থেকে ৩ হাজার ২০০ টাকা মণের পেঁয়াজ বিক্রি হয়েছে ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৯০০ টাকায়।

স্থানীয় কৃষক ও পাইকারি ব্যবসায়ীরা জানান, কিছু অসাধু ব্যবসায়ী রমজান মাসে বেশি দামে বিক্রির আশায় পেঁয়াজ মজুত করেছিলেন। সেই পেঁয়াজ এখন বাজারে এসেছে। ভারত থেকে পেঁয়াজ আসছে আবার কৃষকেরাও নতুন পেঁয়াজ বাজারে বিক্রির জন্য তুলতে শুরু করেছেন। তাতে বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় এই দরপতন ঘটেছে। পাবনার বিভিন্ন খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে।

আমদানি বন্ধ থাকলেও চাঁপাইনবাবগঞ্জের বাজারে পেঁয়াজের দাম কমেছে। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ২৫ টাকা করে দাম কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা জানায়, বাজারে প্রতিদিনই প্রচুর দেশি পেঁয়াজ উঠছে। তাই ধারাবাহিকভাবে দাম কমছে। গত সপ্তাহেই পেঁয়াজ বিক্রি হয়েছে ৬৫ থেকে ৭০ টাকা কেজি দরে। অথচ মঙ্গলবার পেঁয়াজের কেজি ছিল ৪৫ টাকা। চাষীরা জমি থেকে পেঁয়াজ তুলে সরাসরি বাজারে নিয়ে আসছেন। অন্যান্য বছর পেঁয়াজ সংরক্ষণ করলেও এবার তা করছেন না বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। এ অবস্থায় কয়েক মাস পরেই দেশ পেয়াঁজশূন্য হয়ে যাওয়ার আশঙ্কাও করছেন তারা।

এদিকে, কৃষি বিভাগ জেলার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ৩৯ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দিলেও এখনো তা আসেনি।

প্রতিবছর রমজানে পেঁয়াজের দাম বাড়লেও এবারের চিত্র সম্পূর্ণ উল্টো দিনাজপুরের হিলি। সরবরাহ বাড়ায় দুদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৩০ টাকা। দুদিন পূর্বে প্রতি কেজি পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকা বিক্রি হলেও বর্তমানে তা কমে ৫০টাকা দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম কমায় খুশি নিন্ম আয়ের মানুষজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *