আট বিভাগেই বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, কাটছে না ভ্যাপসা গরম
দেশের আট বিভাগেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের আভাস নেই। ফলে বৃষ্টির পরও ভ্যাপসা গরমের অস্বস্তি থাকতে পারে। সোমবার সকালে আবহাওয়া অধিদফতরের দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, রাজধানী ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে ঢাকা ও আশপাশের এলাকায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির কারণে গরমের তীব্রতা উল্লেখযোগ্যভাবে কমার সম্ভাবনা নেই।
আবহাওয়া অধিদফতর জানায়, সোমবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল। রোববার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর সোমবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।
গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪ মিনিটে। আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৫ মিনিটে।
এদিকে সোমবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই। এ সময় কোনো সংকেতও দেখাতে হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
সার্বিক আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।
তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রায় তেমন পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এতে বৃষ্টির দেখা মিললেও ভ্যাপসা গরমের অস্বস্তি পুরোপুরি কাটবে না বলেই ধারণা করা হচ্ছে।
