ইউনাইটেড ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি ২০২৬ সালের প্রথম নয় মাসে ৬ কোটি ৬৩ লাখ টাকা নিট মুনাফা করেছে। আগের বছরের একই সময়ে কোম্পানিটির মুনাফা ছিল ৪ কোটি ২৬ লাখ টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে মুনাফা বেড়েছে প্রায় ৫৫.৮ শতাংশ।
প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৩ পয়সা।
তবে মুনাফা বাড়লেও কোম্পানিটির পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহে চাপ দেখা গেছে। প্রথম নয় মাসে পরিচালন কার্যক্রম থেকে শেয়ারপ্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ঋণাত্মক ৫ টাকা ৬৮ পয়সা হয়েছে। আগের বছরের একই সময়ে এ সূচক ছিল ৮১ পয়সা।
অন্যদিকে, ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ২৫ পয়সা, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ছিল ১৭ টাকা ৯০ পয়সা।
