কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জ প্রতিষ্ঠার সাহসী উদ্যোগ সিএসইর: ব্যবস্থাপনা পরিচালক
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সব সময়ই পুঁজিবাজারের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের পুঁজিবাজারে কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জ প্রতিষ্ঠার জন্য সিএসই সাহসী উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগ পুঁজিবাজারের জন্য অবিস্মরণীয় মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য করেছেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সিএসইর এএম-পিএন্ডসিআর ও পিআরডি তানিয়া বেগম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, আজ পুঁজিবাজার সম্পর্কে বাস্তব ধারণা ও প্রায়োগিক পরিচালনা সম্পর্কে সম্যক ধারণা গ্রহণ এবং একই সঙ্গে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির প্রচেষ্টার অংশ হিসেবে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের প্রায় ৭০ জন শিক্ষার্থীর একটি দল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির আগ্রাবাদ, চট্টগ্রামস্থ কার্যালয়ে ‘আন্ডারস্ট্যান্ডিং বিজনেস’ বিষয়ক শিক্ষা সফর সম্পন্ন করেছে। বাংলাদেশ পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনা অনুযায়ী এবং বিনিয়োগ শিক্ষার অংশ হিসেবে সিএসই প্রতিনিয়তই এ ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আমন্ত্রণ ও স্বাগত জানিয়ে আসছে।
উক্ত অনুষ্ঠানে সিএসই কর্তৃপক্ষের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ, জেনারেল ম্যানেজার অ্যান্ড হেড অব রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন মোহাম্মদ মর্তুজা আলম, ডিজিএম অ্যান্ড হেড অব ক্লিয়ারিং, সেটেলমেন্ট অ্যান্ড লিস্টিং কমপ্লায়েন্স একেএম শাহরোজ আলম, এজিএম অ্যান্ড হেড অব ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট মোহাম্মদ বারাকাত শফি, এসিসিএ এবং ব্যবস্থাপক, প্রোমোশন অ্যান্ড প্রি-লিস্টিং ডিপার্টমেন্ট মোহাম্মাদ হাবিব উল্লাহ। অধিবেশনটি পরিচালনা করেন হেড অব ট্রেনিং অ্যান্ড অ্যাওয়ারনেস এম সাদেক আহমেদ। অনুষ্ঠানে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগ থেকে উপস্থিত ছিলেন প্রফেসর এ কাইয়ুম চৌধুরী।
ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে পুঁজিবাজারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একটি কার্যকর পুঁজিবাজারের জন্য সংশ্লিষ্ট সবার জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধি জরুরি। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে নিজেদের বহুমাত্রিক দক্ষতায় উন্নীত করতে হবে। আজকের প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা পুঁজিবাজারের কার্যক্রম, ট্রেডিং ও সেটেলমেন্ট, বিনিয়োগকারী সুরক্ষা, সার্ভেইলেন্স এবং প্রযুক্তির ব্যবহার সম্পর্কে বাস্তব ধারণা পেয়েছেন। পুঁজিবাজারের পুরো কার্যক্রম সম্পর্কে অবহিত হতে হলে এর সঙ্গে সংশ্লিষ্ট সব বিষয় সম্পর্কে ভালোভাবে জানতে হবে এবং যত জানা যাবে, তত শেখা যাবে। এ ক্ষেত্রে একাডেমিক শিক্ষার পাশাপাশি প্রায়োগিক শিক্ষাও জরুরি।
তিনি আরও বলেন, সিএসই সব সময়ই পুঁজিবাজারের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের পুঁজিবাজারে কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জ প্রতিষ্ঠার জন্য সিএসই সাহসী উদ্যোগ গ্রহণ করেছে। উল্লেখ্য, এই উদ্যোগ পুঁজিবাজারের জন্য অবিস্মরণীয় মাইলফলক হিসেবে বিবেচিত হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এই পুঁজিবাজার এমন একটি স্থান যেখানে সঞ্চিতির বিনিয়োগ যেমন হয়, তেমনই এই মার্কেট থেকে নতুন পুঁজি নিয়ে ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা হয়। পুঁজিবাজারের সম্পূর্ণ কার্যক্রম টেকনিক্যাল এবং রেগুলেটরি কাঠামোর মাধ্যমে পরিচালিত হয়। তাই সংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করা এবং সেভাবে নিজেকে প্রস্তুত করা প্রয়োজন।
