বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
আইপিও

টেকনো ড্রাগসের বিডিং শুরু ২১ এপ্রিল

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রক্রিয়ায় থাকা টেকনো ড্রাগসের বিডিংয়ের (নিলাম) তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২১ এপ্রিল (রোববার) বিকাল ৪টা থেকে কোম্পানিটির বিডিং শুরু হবে। যা চলবে ২৪ এপ্রিল (বুধবার) বিকাল ৪টা পর্যন্ত।

সোমবার (১ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, টেকনো ড্রাগসের কাট-অব প্রাইস থেকে ৩০ শতাংশ ডিসকাউন্ট অথবা ২০ টাকা, দুইটির মধ্যে যেট কম সে মূল্যে সাধারণ বিনিয়োগকারীদের নিকট শেয়ার ইস্যু করবে। তবে নিলামে অংশ নিতে পেনশন তহবিল, গ্র্যাচুয়িটি ফান্ড এবং প্রভিডেন্ট ফান্ডের বিনিয়োগকারীর পুঁজিবাজারে দেড় লাখ টাকা এবং অন্যান্য শেয়ারহোল্ডারদের ৩ লাখ টাকা বিনিয়োগ থাকতে হবে।

গত ৭ মার্চ টেকনো ড্রাগসের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন অনুমোদন করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুক বিল্ডিং পদ্ধতির আইপিওর মাধ্যমে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকার মূলধন উত্তোলন করবে। সংগ্রহীত অর্থ দিয়ে কোম্পানিটি নতুন যন্ত্রপাতি ক্রয়, বিএমআরই (নরসিংদী ফ্যাক্টরি), ভবন নির্মাণ (গাজীপুর ফ্যাক্টরি), আংশিক ঋণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।

৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির পুনর্মূল্যায়নসহ শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৭ টাকা ৭৪ পয়সায়, পুনর্মূল্যায়ন ছাড়া যা হয়েছে ২২ টাকা ৫৭ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ০৮ পয়সা এবং পাঁচ বছরের ভারিত গড় হারে ইপিএস হয়েছে ৩ টাকা ২৫ পয়সা।

কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড এবং ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেড। পুঁজিবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানিটি কোনো ধরনের লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *