বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

ডিএসই’র ওয়েবসাইটে আবারও ত্রুটি, সূচকে ভুল তথ্য

সপ্তাহের প্রথম কর্মদিবস আজ (১০ মার্চ) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে ফের বড় ত্রুটি দেখা দিয়েছে। ওয়েবসাইটটিতে সূচক সংক্রান্ত বিভিন্ন ভুল তথ্য দেখাচ্ছে। সূচকের লেখচিত্র বা গ্রাফ হালনাগাদ হচ্ছে না। তাই ওয়েবসাইট থেকে বাজারের প্রকৃত অবস্থা জানা যাচ্ছে না। বরং বাজারের বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে এই সূচক।

এদিন শুরুতেই ওয়েবসাইটে এই বিভ্রান্তি দেখা দেয়। সকাল ১০টায় স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হয়। তখন থেকেই ওয়েবসাইটে ভুল তথ্য দেখানো শুরু হয়।

আজ সকাল ১০টা ১০ মিনিটে ওয়েবসাইটে প্রদত্ত তথ্য অনুসারে, ডিএসই ব্রড ইনডেক্স ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬ হাজার ১২.৭৬ পয়েন্ট বা ৯৯.৯৯ শতাংশ কমে ০.৩৯ পয়েন্ট দাঁড়িয়েছে। অথচ তখন পর্যন্ত বাজারে ২২৬টি কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে, যার মধ্যে ১৫৯টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, যা লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর ৭০.৩২ শতাংশ।

আলোচিত সময়ে শরীয়াহ সূচক ডিএসইএসের অবস্থান দেখানো হয় ০. ০৪ পয়েন্ট, যা আগের দিনের চেয়ে ১ হাজার ৩৩৫.৮৪ পয়েন্ট বা ৯৯.৯৯ শতাংশ কম।

অন্যদিকে বাজারমূলধনের দিক থেকে বৃহৎ ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ এর অবস্থান দেখানো হয় ২ হাজার ৯৬.৫৭ পয়েন্ট, যা আগের দিনের চেয়ে ২.২৩ পয়েন্ট বা ০.১০৬ শতাংশ বেশি।

বেলা সাড়ে ১০টা নাগাদ ওয়েবসাইটে মূল্যসুচক তিনটির সব তথ্য দেখানো হয় শূন্য। এদিকে বেলা সাড়ে ১০টা পর্যন্ত সূচকের গ্রাফেও কোনো তথ্য ছিল না ।

ডিএসইর ওয়েবসাইটের এমন তথ্য বিভ্রান্তি সম্পর্কে জানতে ডিএসইর একাধিক কর্মকর্তাকে ফোন দেওয়া হলেও কেউ ফোন রিসিভ করেননি। ফলে এই ত্রুটির কারণ এবং এটি কখন ঠিক হবে সে সম্পর্কে এই রিপোর্ট লেখা পর্যন্ত কিছু জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *