বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

তাকে সরিয়ে কাকে আনবেন?—বিএসইসি চেয়ারম্যান প্রসঙ্গে অর্থ উপদেষ্টা

পুঁজিবাজার প্রেস.কম : পুঁজিবাজারের টানা মন্দা ও বিনিয়োগকারীদের আস্থাহীনতা নিয়ে যখন নানামুখী সমালোচনা চলছে, তখন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বর্তমান নেতৃত্ব প্রসঙ্গে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, “বেচারা মাকসুদ খুব ভালো ব্যাংকার, সেরাদের একজন। তিনি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। কিন্তু এখন অনেকেই তার অপসারণ চায়, এমনকি আমারও। তাদের বক্তব্য, আমি কেন এনবিআরের দায়িত্ব ভাগ করে দিলাম।”

তবে নেতৃত্ব পরিবর্তনের পক্ষে যে দাবিগুলো উঠেছে, তার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার মন্তব্য, “হ্যাঁ, তাকে সরিয়ে কাকে আনবেন? শিবলি রুবাইয়াতের মতো কাউকে আনবেন? যিনি আইসিবির মাধ্যমে তিন হাজার কোটি টাকা সালমান এফ রহমানকে দিয়ে দিয়েছেন। সুকুক বন্ডের পুরো অর্থও তিনিই নিয়েছেন। এরপর ‘আমার বন্ড’সহ নানা প্রকল্পের আড়ালে পুঁজিবাজার থেকে হাজার হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়েছে।”

অর্থ উপদেষ্টা মনে করেন, বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার সবচেয়ে জরুরি। আর সেই আস্থা ফেরাতে নতুন আইপিও চালু করা দরকার। “আমি বিএসইসি চেয়ারম্যানকে বলেছি, ছোট বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে হবে। এজন্য নতুন আইপিও আসা দরকার। কিন্তু সেটা তো আসছেই না,” বলেন তিনি।

বাজারে অবাস্তব প্রত্যাশার বিষয়ে বিনিয়োগকারীদের সতর্ক করে তিনি বলেন, “শেয়ারবাজার কোনো নিয়মিত আয়ের উৎস নয়। অনেকে মনে করেন, আমি শেয়ার কিনব, মাস শেষে লাভে বিক্রি করব—এটা তো কোনো দেশেই নেই।”

পুঁজিবাজারে সাম্প্রতিক সময়ে নেওয়া সরকারি উদ্যোগ নিয়েও তিনি বক্তব্য দেন। “আমি স্বীকার করি, অনেকের ৮০ টাকার শেয়ার এখন ২০ টাকায় নেমে গেছে। তাই আমি আইসিবিকে ৩ হাজার কোটি টাকা দিয়েছি। এর মধ্যে ২ হাজার কোটি গেছে সুকুক বন্ডের সুদ পরিশোধে, আর বাকি ১ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে বাজারে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *