তিন কোম্পানির শেয়ারদরের অস্বাভাবিক বৃদ্ধি তদন্তে বিএসইসি
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও সন্দেহজনক লেনদেন তদন্তের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
তদন্তের আওতায় থাকা কোম্পানিগুলো হলো—মালেক স্পিনিং মিলস লিমিটেড, জিল বাংলা সুগার মিলস লিমিটেড এবং অ্যাপেক্স উইভিং অ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেড।
সাম্প্রতিক সময়ে কোম্পানিগুলোর শেয়ারদর ও লেনদেনের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর তথ্য অনুযায়ী, ২২ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত সময়ে মালেক স্পিনিংয়ের শেয়ারদর ৩৫ শতাংশ বেড়ে ৪৫ দশমিক ৫০ টাকায় পৌঁছেছে। একইভাবে ১৮ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত জিল বাংলা সুগার মিলসের শেয়ারদর ৪৮ শতাংশ বেড়ে ২৩৫ দশমিক ৪০ টাকায় উন্নীত হয়েছে।
অন্যদিকে, ১৯ মে থেকে ১৬ জুলাই পর্যন্ত সময়ে অ্যাপেক্স উইভিং অ্যান্ড ফিনিশিং মিলসের শেয়ারদর ৪৯ শতাংশ বেড়ে প্রতি শেয়ার ১৪ দশমিক ১০ টাকায় দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) জারি করা পৃথক তিনটি নির্দেশনায় বিএসইসি ডিএসইকে আলোচিত কোম্পানিগুলোর শেয়ার লেনদেন তদন্ত করে ৩০ কর্মদিবসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে।
বিএসইসির চিঠিতে বলা হয়েছে, কোম্পানিগুলোর শেয়ারদরের অস্বাভাবিক ওঠানামা এবং সন্দেহজনক লেনদেন নজরে আসায় কমিশনের সার্ভেইল্যান্স বিভাগ এ তদন্তের নির্দেশ দিয়েছে।
তদন্তে বিশেষভাবে যাচাই করা হবে, শেয়ার লেনদেনে পরিকল্পিত কারসাজি, কৃত্রিম লেনদেন বা বাজারে প্রভাব বিস্তারের চেষ্টা ছিল কি না।
এ ছাড়া ইনসাইডার ট্রেডিং বা অপ্রকাশিত মূল্য-সংবেদনশীল তথ্য ব্যবহার করে শেয়ার কেনাবেচা হয়েছে কি না, তাও তদন্তে খতিয়ে দেখা হবে।
বিএসইসি আরও নির্দেশ দিয়েছে, সংশ্লিষ্ট স্টক ব্রোকার, ডিলার ও অনুমোদিত প্রতিনিধিরা মার্জিন সংক্রান্ত বিধি এবং কমিশনের জারি করা প্রজ্ঞাপন ও নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করেছেন কি না, তা যাচাই করতে।
পাশাপাশি ব্রোকারেজ হাউসগুলোর ভূমিকা ও দায়বদ্ধতা নির্ধারণ, তাদের কোনো প্রতিনিধি সন্দেহজনক লেনদেনে সহায়তা করেছেন কি না অথবা তা প্রতিরোধে ব্যর্থ হয়েছেন কি না, তাও তদন্তে গুরুত্ব পাবে।
এ ছাড়া তদন্ত চলাকালে সিকিউরিটিজ আইন লঙ্ঘন বা অন্য কোনো অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সেগুলোও প্রতিবেদনে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে বিএসইসি
