দুই কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে জানিয়েছে (ডিএসই)
শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। কোম্পানি দুইটিতে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন হওয়া প্রয়োজন বলে সতর্কবার্তা জারি করেছে ডিএসই। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি ২টি হলো- শার্প ইন্ডাস্ট্রিজ এবং বারাকা পাওয়ার।
জানা গেছে, কোম্পানিগুলোর শেয়ার দর বৃদ্ধি নিয়ে ১১ আগস্ট ওই দুই কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায় ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর ব্যাখ্যার উত্তরে কোম্পানি ২টির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ার দর ৩০ জুলাই ছিল ৩৫ টাকা ১০ পয়সা। আর ১১ আগস্ট লেনদেন শেষে দাঁড়িয়েছে ৪২ টাকা ৯০ পয়সায়। অর্থাৎ ৭ কর্মদিবসের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ৭ টাকা ৮০ পয়সা বা প্রায় ২২.২২ শতাংশ।
অপরদিকে, বারাকা পাওয়ারের শেয়ার দর ২৯ জুলাই ছিল ৮ টাকা ১০ পয়সা। আর ১১ আগস্ট লেনদেন শেষে দাঁড়িয়েছে ১০ টাকা ৫০ পয়সায়। অর্থাৎ ৭ কর্মদিবসের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৪০ পয়সা বা প্রায় ২৯.৬২ শতাংশ।
