দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ চালুর পথে নতুন অগ্রগতি
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ চালু করা সম্ভব হলে জাতীয় অর্থনীতিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হক।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সভায় কমোডিটি ব্রোকারেজ লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার খবরের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
আমিরুল হক বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই, চীন, ভারত, জাপান, তুরস্ক ও পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশে কমোডিটি এক্সচেঞ্জ অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি জানান, চিটাগাং স্টক এক্সচেঞ্জ কয়েক বছর আগেই কমোডিটি এক্সচেঞ্জ চালুর উদ্যোগ নিয়েছিল। তবে বিভিন্ন কারণে সে উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হয়নি। নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর বিষয়টি বাস্তবায়নে সিএসই নতুন করে তৎপরতা শুরু করে।
এর আগে গত ১২ সেপ্টেম্বর চট্টগ্রাম চেম্বার ও আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ক্যাপিটাল মার্কেট: গ্রোথ ডায়ালগ- পাথওয়ে টু লিস্টিং’ শীর্ষক সংলাপে বিএসইসি চেয়ারম্যানের কাছে কমোডিটি এক্সচেঞ্জ চালুর বিষয়টি তুলে ধরা হয়। ওই সময় বিএসইসি চেয়ারম্যান দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
চেম্বার সভাপতি বলেন, বিএসইসির সর্বশেষ সভায় কমোডিটি এক্সচেঞ্জের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে আশা করা যাচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যেই দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ উদ্বোধন করা সম্ভব হবে।
