দেশে জরুরি গ্যাসের চাহিদা মেটাতে ২ কার্গো এলএনজি আমদানি অনুমোদন
দেশে জরুরি গ্যাসের চাহিদা পূরণে আরও দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির চলতি বছরের ৩৮তম সভায় এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
সভা সূত্রে জানা গেছে, সরকারি ক্রয়বিধিমালা ২০২৫-এর বিধি ১০৫(৩)(ক) অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহের মাধ্যমে পাঁচ কার্গো এলএনজি কেনার প্রস্তাব উত্থাপন করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এর মধ্যে দুটি কার্গো আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড থেকে প্রথম কার্গো এলএনজি ২৩ থেকে ২৪ আগস্ট সময়ের মধ্যে আমদানি করা হবে। প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটের দাম ধরা হয়েছে ২১ দশমিক ৮৭ মার্কিন ডলার। এ কার্গো কিনতে ব্যয় হবে ৪২৪ কোটি ৬০ লাখ ৬০ হাজার ৮০০ টাকা।
অন্যদিকে দ্বিতীয় কার্গো এলএনজি ৪ থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে আমদানি করা হবে। এর দাম প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট ২১ দশমিক ৭৯৬ মার্কিন ডলার। এ কার্গো কিনতে ব্যয় হবে ৪২৩ কোটি ২৬ লাখ ৬৬ হাজার ৬৯ টাকা।
দুই কার্গো এলএনজি আমদানিতে মোট ব্যয় হবে প্রায় ৮৪৮ কোটি টাকা।
এর আগে গত ১২ আগস্ট দেশে গ্যাসের চাহিদা মেটাতে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে আরও আট কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছিল সরকার।
চলমান গ্যাসের চাহিদা ও সরবরাহ পরিস্থিতি সামাল দিতে ধারাবাহিকভাবে এলএনজি আমদানির উদ্যোগ নিচ্ছে সরকার।
