ন্যাশনাল ব্যাংকের আমানত উত্তোলন শুরু ১৫ অক্টোবর
ন্যাশনাল ব্যাংক পিএলসির আমানতকারীদের আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামী ১৫ অক্টোবর থেকে গ্রাহকেরা নিজেদের চাহিদা অনুযায়ী আমানতের অর্থ উত্তোলনের সুযোগ পাবেন। আমানতকারীদের অর্থ উত্তোলন নিশ্চিত করতে ব্যাংক কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবীন এবং ব্যবস্থাপনা পরিচালক জাফর আহমেদের বৈঠক হয়। ওই বৈঠকেই আমানতকারীদের অর্থ উত্তোলনের সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
বৈঠকে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপের ফলে ব্যাংকটিতে সুশাসন নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে গভর্নরকে জানান। পাশাপাশি ব্যাংকের দক্ষতা ও কার্যক্ষমতা বাড়াতে ঊর্ধ্বতন ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে বলেও তিনি অবহিত করেন।
এ সময় ন্যাশনাল ব্যাংকের সাম্প্রতিক তারল্য পরিস্থিতি এবং আমানতকারীদের চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলনের বিষয়টি বাংলাদেশ ব্যাংকের নজরদারিতে রয়েছে বলে জানান গভর্নর মো. মোস্তাকুর রহমান।
তিনি আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ, ব্যাংকিং ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা বজায় রাখা এবং ব্যাংকটির কার্যক্রম সুশৃঙ্খল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
বিশেষ করে ন্যাশনাল ব্যাংকের সব আমানতকারী যাতে প্রয়োজন অনুযায়ী তাঁদের আমানতের অর্থ উত্তোলন করতে পারেন, তা নিশ্চিত করতে ব্যাংক কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে জানানো হয়।
