বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

পাঁচ ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর: ডিসেম্বরের মধ্যেই টাকা ফেরতের নির্দেশ

ডিসেম্বরের মধ্যেই পাঁচটি সংকটাপন্ন ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার জন্য প্রয়োজনীয় সব কার্যক্রম শেষ করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। নির্ধারিত সময়সীমার মধ্যে আমানতকারীদের অর্থ নিশ্চিতভাবে পরিশোধ করতে সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ নিতে বলেন তিনি।
সম্মিলিত ইসলামী ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভায় গভর্নর এই নির্দেশনা দেন। বুধবার (১৭ ডিসেম্বর) অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।
সভায় উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী। এ ছাড়া যুগ্ম সচিব মোহাম্মদ রাশেদুল আমিন ও শেখ ফরিদ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদসহ কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন। রেজল্যুশনের আওতাভুক্ত পাঁচ ব্যাংকের প্রশাসকরাও সভায় উপস্থিত ছিলেন।
বৈঠকের শুরুতে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের লক্ষ্যে এখন পর্যন্ত গৃহীত বিভিন্ন পদক্ষেপ পরিচালকদের সামনে উপস্থাপন করা হয়। পরে গভর্নর দ্রুত আইটি সিস্টেম ইন্টিগ্রেশনের কাজ শেষ করার নির্দেশ দেন, যাতে আমানত ফেরতসহ ভবিষ্যৎ কার্যক্রমে কোনো প্রযুক্তিগত জটিলতা না থাকে।
নতুন ব্যাংকের জন্য একটি অভিন্ন ও সমন্বিত মানবসম্পদ নীতিমালা প্রণয়নের কথাও সভায় জানানো হয়। বর্তমানে একীভূত হওয়া পাঁচ ব্যাংকে পদবি, গ্রেড ও পদোন্নতির ক্ষেত্রে ভিন্নতা থাকায় এসব বিষয় একক কাঠামোর আওতায় আনার নির্দেশ দেওয়া হয়। কর্মকর্তাদের জন্য অভিন্ন পদবি কাঠামো, স্বচ্ছ পদোন্নতি ব্যবস্থা এবং সমন্বিত বেতন গ্রেড চালুর ওপর জোর দেন গভর্নর। এসব নীতিমালা বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক সরাসরি নজরদারি করবে।
সভায় জানানো হয়, ডিসেম্বরের মধ্যেই সব প্রক্রিয়া শেষ করে আমানতকারীদের অর্থ ফেরত দিতে হবে। একই সঙ্গে গ্রাহকরা যাতে আগের ইস্যু করা চেক ব্যবহার করেই নির্বিঘ্নে টাকা তুলতে পারেন, সে বিষয়টিও নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *