পুঁজিবাজারে ৩৮ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ লেনদেন
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজারে ইতিবাচক লেনদেন শেষ হয়েছে। এছাড়া লেনদেনের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৮৫০ কোটি টাকারও বেশি। যা গত ৩৮ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, রোববার (১৭ সেপ্টেম্বর) ডিএসইর প্রধান মূল্য সূচক ‘ডিএসইএক্স’ ৯ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩১১ পয়েন্টে অবস্থান করছে।
প্রধান সূচকের পাশাপাশি ‘ডিএস-৩০’ সূচক বেড়েছে ৬.২৬ পয়েন্ট। আর ডিএসইএস বা শরিয়াহ সূচক বেড়েছে ২.২২ পয়েন্ট।
ডিএসইতে আজ ৮৬৭ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৬৯৭ কোটি ৮ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩২৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৯টি কোম্পানির।
