শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
এক্সক্লুসিভ

পুঁজিবাজার সংস্কার ফোকাস গ্রুপ’ পুনর্গঠন

পুঁজিবাজারের সার্বিক উন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা ফেরানো এবং আন্তর্জাতিক মানের সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে ‘পুঁজিবাজার সংস্কার ফোকাস গ্রুপ’ গঠন করা হয়েছে। এ গ্রুপে ১০ জন সদস্য আছেন। দুই জন সদস্যকে নিয়ে পুঁজিবাজার-সংশ্লিষ্ট বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলায় ফোকাস গ্রুপ পুনর্গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি বিএসইসি ‘পুঁজিবাজার সংস্কার ফোকাস গ্রুপ’ পুনর্গঠনের বিষয়ে আদেশ জারি করেছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
জানা গেছে, পুঁজিবাজার সংস্কার ফোকাস গ্রুপের নতুন দুই সদস্য হলেন- ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সহকারী মহাব্যবস্থাপক (লিস্টিং ডিপার্টমেন্ট হেড) মো. রবিউল ইসলাম এবং ইডিজিই এএমসি লিমিটেডের চেয়ারম্যান ও সিএফএ সোসাইটি বাংলাদেশের প্রেসিডেন্ট মো. আসিফ খান। পুঁজিবাজার সংস্কার ফোকাস গ্রুপের অন্য সদস্যরা হলেন- প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের এমডি এবং সিইও মো. মনিরুজ্জামান, মিডওয়ে সিকিউরিটিজ লিমিটেডের এমডি মো. আশিকুর রহমান, এ কে খান সিকিউরিটিজ লিমিটেডের সিইও মুহাম্মদ মনিরুজ্জামান মিয়া, ক্যাল বাংলাদেশের এমডি ও কান্ট্রি হেড অ্যান্ড্রু দেশন পুষ্পরাজাহ, সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) জিএম ও সিটিও (ভারপ্রাপ্ত) এম ইমাম হোসেন, আহমেদ শেখ রায় অ্যান্ড কোং-এর পার্টনার শেখ তারেক জহির, আহমেদ হক সিদ্দিকী অ্যান্ড কোং-এর ম্যানেজিং পার্টনার মো. ওয়াদুদ আহমেদ এবং আইসিএবির সদস্য দীপক কুমার রায়।
পুঁজিবাজারের সঙ্গে সম্পৃক্ত ক্লিন ইমেজের অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে পুঁজিবাজার সংস্কার ফোকাস গ্রুপ গঠিত হয়েছে। আগে গঠিত ‘পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স’-এর পরামর্শে তাদের কাজে সহযোগিতা করতে এ ফোকাস গ্রুপ পুনর্গঠন করেছে বিএসইসি।
এর আগে চলতি বছরের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত কমিশন সভায় পুঁজিবাজারের সার্বিক উন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের পুঁজিবাজারের সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে গঠিত পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স কর্তৃক ‘পুঁজিবাজার সংস্কার ফোকাস গ্রুপ’ গঠন করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
ফোকাস গ্রুপ পুনর্গঠনের বিষয়ে বিএসইসির সিদ্ধান্তে উল্লেখ করা হয়েছে, পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতে মো. শহিদুল ইসলামের স্থলে মো. রবিউল ইসলাম এবং আলী ইমামের স্থলে মো. আসিফ খানকে ফোকাস গ্রুপে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া, পুঁজিবাজার সংস্কার ফোকাস গ্রুপের সদস্যদের সম্মানি হিসাবে সভায় উপস্থিতির ভিত্তিতে প্রত্যেক সদস্যকে সভাপ্রতি ৮ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। এ বিষয়ে বিএসইসির সংশ্লিষ্ট বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *