পূঁজিবাজারে লেনদেন ও বাজার মূলধন বেড়েছে
দেশের প্রধান পূঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে (২৯ অক্টোবর-২ নভেম্বর) সব সূচকের পতন হয়েছে। তবে আলোচিত সপ্তাহে লেনদেন ও বাজার মূলধন বেড়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
গত সপ্তাহে দেশের প্রধান পূঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ‘ডিএসই এক্স’ কমেছে ৭ দশমিক ৯৩ পয়েন্ট। বর্তমানে সূচক দাঁড়িয়েছে ৬২৬৭ পয়েন্টে।
প্রধান সূচকের পাশাপাশি ঢাকা স্টক এক্সচেঞ্জের অপর দুই সূচকও কমেছে। এক সপ্তাহে শরিয়াহ সূচক ‘ডিএসই এস’ ৩.৩৩ পয়েন্ট এবং নির্বাচিত কোম্পানিগুলির সূচক ‘ডিএস ৩০’ ১.৮২ পয়েন্ট কমেছে।
গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৪৫৯ কোটি ৭৯ লাখ ১৯ হাজার ৭৭৬ টাকা। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৮৪ হাজার ৫২৮ কোটি ৫৭ লাখ ৮৬ হাজার ১৬৭ টাকা।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন বেড়েছে ৩৫৯ কোটি ৯৩ লাখ টাকা বা ১৯ দশমিক ৬১ শতাংশ। এ সপ্তাহে এক্সচেঞ্জে ২ হাজার ১৯৫ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
গত সপ্তাহে ডিএসইতে ৪০৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে অপরিবর্তিত রয়েছে ২২৯টি কোম্পানির শেয়ার দর। কমেছে ৭৯টি কোম্পানির দর, বেড়েছে ৭০টি কোম্পানির শেয়ার দর।
