বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন, ৩০ গ্রাম প্লাবিত

পুঁজিবাজার প্রেস.কম :আষাড়ের টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তোড়ে ফেনীর মুহুরী ও ছোট ফেনী নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে ফুলগাজী, পরশুরাম ও সোনাগাজী উপজেলার কমপক্ষে ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে।
বিশেষ করে ফুলগাজীর জঙ্গল ঘোনা, সাহেবনগর, গদানগর ও দেড়পাড়া, পরশুরামের পশ্চিমাঞ্চল ও সোনাগাজীর দক্ষিণাংশে পানি ঢুকে বসতঘর, ধানক্ষেত, মাছের ঘের ও রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে।
মঙ্গলবার পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, মুহুরী নদীর পানি বিপদসীমার ১৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রবল স্রোতের চাপ সামলাতে না পেরে দুর্বল বাঁধগুলোর একাধিক স্থানে ভেঙে পড়ে।
জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড থেকে জানানো হয়েছে, জিও ব্যাগ ও বালুর বস্তা ফেলে ভাঙন রোধে কাজ চলছে। তবে পানিবন্দি মানুষের দুর্ভোগ বাড়ছে। অনেক পরিবার উঁচু রাস্তা ও স্কুলঘরে আশ্রয় নিয়েছে।
বেশ কয়েকটি আশ্রয়কেন্দ্রে উঠতে না পেরে অনেকে গবাদি পশু ও শিশুদের নিয়ে উন্মুক্ত স্থানে রাত কাটাচ্ছেন।
স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রতিবারই বর্ষায় একই স্থানে বাঁধ ভাঙে। কিন্তু স্থায়ী কোনও ব্যবস্থা গ্রহণ করা হয় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *