ফের বিটিএমএর প্রেসিডেন্ট হলেন শওকত আজিজ রাসেল
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) ২০২৫-২৭ মেয়াদের নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন শওকত আজিজ রাসেল। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পদে নির্বাচিত হন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ২৫ নভেম্বর বিটিএমএর গুলশান কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫ এর বিধি ২৪(১) অনুযায়ী ঘোষিত ফলাফলে জানানো হয়, ২০২৫-২৭ মেয়াদে বিটিএমএর নেতৃত্ব দেবেন শওকত আজিজ রাসেল। তিনি আম্বার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দেশের টেক্সটাইল শিল্পে একজন উদ্যোক্তা।একইসঙ্গে বিটিএমএর তিনজন ভাইস-প্রেসিডেন্টও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন- ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরি থেকে মো. শামীম ইসলাম, ফেব্রিক ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরি থেকে মো. আবুল কালাম ও টেক্সটাইল প্রোডাক্ট প্রসেসর ক্যাটাগরি থেকে শফিকুল ইসলাম সরকার।
