বুধবার, জুলাই ২২, ২০২৬
এক্সক্লুসিভ

ফ্লোরপ্রাইস উঠলো যে কোম্পানির

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা মোতাবেক তালিকাভুক্ত কোম্পানি ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের আজ শেয়ারের উপর থেকে ফ্লোর প্রাইস (শেয়ারের সর্বনিম্ন মূল্যস্তর) উঠছে। অর্থাৎ কোম্পানিটি আজ থেকে ফ্লোর প্রাইস ছাড়া লেনদেন করতে পারবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৬ ফেব্রুয়ারি বিএসইসি নির্দেশনায় বলা হয়েছিলো, ব্রিটিশ–আমেরিকান টোব্যাকো বাংলাদেশ বা বিএটিবিসিসহ তিনটি কোম্পানির ফ্লোর প্রাইস তাদের রেকর্ড তারিখের পরে উঠে যাবে। সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য ১০০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করা বিএটিবিসির রেকর্ড তারিখ ছিলো গতকাল রবিবার। ফলে আজ থেকে কোম্পানিটির শেয়ারে ফ্লোরপ্রাইস থাকবে না।

শেয়ারবাজারের দরপতন ঠেকাতে ২০২২ সালের ২৮ জুলাই শেয়ারের সর্বনিম্ন মূল্যস্তর বা ফ্লোর প্রাইস আরোপ করে বিএসইসি। ফ্লোর প্রাইস এমন একটি ব্যবস্থা, যেখানে কোনো শেয়ার ও মিউচুয়াল ফান্ড বিএসইসির বেঁধে দেওয়া দামের নিচে নামতে পারে না। ফলে শেয়ারবাজারে একধরনের স্থবিরতা বিরাজ করে, পাশাপাশি কমে যায় লেনদেন। এমন এক পরিস্থিতিতে গত ২১ জানুয়ারি প্রথম দফায় ৩৫টি বাদে বাকি সব প্রতিষ্ঠানের ফ্লোর প্রাইস তুলে নেওয়া হয়। দ্বিতীয় দফায় ২৩ জানুয়ারি তুলে নেওয়া হয় আরও ২৩ কোম্পানির ফ্লোর প্রাইস। সর্বশেষ গতকাল ৬ ফেব্রুয়ারি আরও তিন কোম্পানির ওপর থেকে ফ্লোর প্রাইস তুলে নেওয়ার ঘোষণা দেওয়া হয়।

এখন পর্যন্ত ফ্লোর প্রাইস বহাল থাকা ৬টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, খুলনা পাওয়ার, বিএসআরএম লিমিটেড, ইসলামী ব্যাংক, মেঘনা পেট্রোলিয়াম ও শাহজিবাজার পাওয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *