সোমবার, জুলাই ২০, ২০২৬
এক্সক্লুসিভ

বাংলাদেশ ফাইন্যান্সের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন ইকবাল ইউ আহমেদ

বাংলাদেশ ফাইন্যান্স পিএলসির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রতিষ্ঠানটির স্বতন্ত্র পরিচালক ইকবাল ইউ আহমেদ। প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান মানোয়ার হোসেনের সফল মেয়াদ শেষে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। সম্প্রতি কোম্পানির পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এই দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কায়সার হামিদ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই নেতৃত্ব পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশ ফাইন্যান্স তার অন্তর্ভুক্তিমূলক ও উদ্ভাবনী আর্থিক সমাধান প্রদানের অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করতে নতুন ভাবে যাত্রা শুরু করল।
বহু দশকের অভিজ্ঞতা ও নেতৃত্বগুণে সমৃদ্ধ ইকবাল ইউ আহমেদ দেশের ব্যাংকিং ও আর্থিক খাতে একজন সুপরিচিত ব্যক্তিত্ব। ঝুঁকি ব্যবস্থাপনা, নীতিনির্ধারণ ও প্রতিষ্ঠানিক উন্নয়নে তাঁর অবদান ব্যাপকভাবে প্রশংসিত। বিশেষ করে, ২০০৩ সালে ‘ম্যানেজিং কোর রিস্ক ইন ব্যাংকিং’ প্রকল্পে তাঁর নেতৃত্বের জন্য তিনি বাংলাদেশ ব্যাংকের বিশেষ সম্মাননা অর্জন করেন।
এছাড়াও, ২০০৭ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক পত্রিকা ‘ঢাকা পোস্ট’ কর্তৃক ‘ঢাকা পোস্ট গোল্ড মেডেল’ এবং ২০১৫ সালে গ্লোবাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন, বাংলাদেশ ফাউন্ডেশন থেকে ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড’ প্রাপ্ত হন। এই সম্মাননাগুলো তাঁর পেশাগত উৎকর্ষতা, নৈতিক নেতৃত্ব এবং সামাজিক দায়বদ্ধতার পরিচায়ক। তাঁর নেতৃত্বে বাংলাদেশ ফাইন্যান্স আরও গতিশীল, গ্রাহককেন্দ্রিক এবং উদ্ভাবনী আর্থিক সমাধান প্রদানের পথে এগিয়ে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
বাংলাদেশ ফাইন্যান্স প্রাক্তন চেয়ারম্যান মনোয়ার হোসেনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে। যিনি তাঁর দূরদর্শী নেতৃত্ব ও অবিচল অঙ্গীকারের মাধ্যমে প্রতিষ্ঠানের কৌশলগত অগ্রগতি ও প্রতিষ্ঠানিক স্থিতিশীলতা নিশ্চিত করে বাংলাদেশ ফাইন্যান্সকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *